২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণফোনের শেয়ারে ছাড় দেবে না টেলিনর

নরওয়ের কোম্পানি টেলিনর শনিবার বলেছে, গ্রামীণফোনের শেয়ারে তারা কোনো ধরনের ছাড় দেবে না।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2006, 12:06 AM

Updated : 26 Apr 2022, 04:08 PM

বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল ফোন কোম্পানি গ্রামীণফোনের ৬২ শতাংশ শেয়ারের মালিক টেলিনর। অন্যদিকে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম বাদবাকি শেয়ারের মালিক।

নোবেল পুরস্কার নিতে নরওয়েতে আসা অধ্যাপক ইউনূস শুক্রবার বলেন, তিনি চান বাংলাদেশের দরিদ্র নারীরা গ্রামীণফোনের মালিক হোক। এজন্য কোম্পানির নিয়ন্ত্রণ পেতে তিনি লড়াই চালিয়ে যাবেন।

টেলিনর বারবার দাবি করছে, ১৯৯৬ সালে গ্রামীণ টেলিকমের সঙ্গে যৌথ মালিকানায় গ্রামীণফোনের যাত্রা শুরুর সময় নিয়ন্ত্রণ হস্তান্তর নিয়ে কোনো চুক্তি হয়নি।

তবে শনিবার নরওয়ের সংবাদপত্র দাগব্লাদেত ১৯৯৬ সালের জুন মাসে স্বাক্ষরিত চুক্তিপত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, সে সময় টেলিনর চেয়েছিল পরবর্তী ছয় বছরের মধ্যে শেয়ার ৩৫ শতাংশের নিচে নামিয়ে আনতে।

সে সময় পুরোপুরি রাষ্ট্রনিয়ন্ত্রিত কোম্পানি ছিল টেলিনর। ২০০০ সালে সর্বপ্রথম এটি আংশিকভাবে বেসরকারি মালিকানায় যায়। এখনো কোম্পানিটির ৫৪ শতাংশ শেয়ারের মালিক নরওয়ে সরকার।

কোম্পানির এক বিবৃতিতে বলা হয়, “অধ্যাপক ইউনূস এবং টেলিনর উভয়েই স্বীকার করেছেন যে, নরওয়ের কোম্পানিকে শেয়ার কমাতে হবেই চুক্তিতে এমন কোনো বাধ্যবাধকতা নেই।”

বিবৃতিতে আরো বলা হয়, “১৯৯৬ সালের চুক্তিপত্রে শেয়ার কমানোর বিষয়ে টেলিনরের আগ্রহের কথা উল্লেখ আছে। তবে বেশ কয়েক বছর ধরে টেলিনর পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে, কোম্পানির এখন আর সে ধরনের কোনো ইচ্ছা নেই। বরং গ্রামীণফোনের উন্নয়নে তারা আরো বিনিয়োগ করতে চায়।”

অসলোয় এক সংবাদ সম্মেলনে ‘দরিদ্রদের ব্যাংকার’ হিসেবে খ্যাত ড. ইউনূস এ সম্পর্কে সরসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে তিনি বলেন, “শুরুর দিকে টেলিনর ভালো অংশীদার ছিল।”

টেলিনরের এক মুখপাত্র বলেন, চুক্তির বিশেষ ওই ধারাটিতে শেয়ার কমানোর আগ্রহের বিষয়টি কেবল প্রথম পাঁচ বছরের জন্য কার্যকর ছিল। সর্বসাধারণের বিষয় নয় বলে টেলিনর এর আগে চুক্তির বিস্তারিত বিবরণ প্রকাশ করেনি বলে তিনি জানান।

বিশ্বব্যাংকসহ অন্যান্য সংস্থার কাছ থেকে ঋণ সুবিধা পেতে টেলিনরকে গ্রামীণফোনের মালিকানার বড় অংশ ছেড়ে দিতে এর অন্য অংশীদাররা রাজি হয় বলে নরওয়ের কোম্পানিটি দাবি করছে।

এই বাদানুবাদের মধ্যেই ড. ইউনূস এবং গ্রামীণ ব্যাংকের প্রতিনিধিরা শনিবার সকালে অসলোয় টেলিনর সদর দপ্তরে কোম্পানির প্রধান নির্বাহী ফ্রেডরিক বাকসাসের সঙ্গে দেখা করেন।

বাকসাস পরে এক বিবৃতিতে বলেন, “গ্রামীণফোনের ভবিষ্যত নিয়ে আজ (শনিবার) সকালে অধ্যাপক ইউনূস এবং আমি চমৎকার আলোচনা করেছি।”

বিবৃতিতে তিনি আরো বলেন, “গ্রামীণফোন এবং বাংলাদেশের উন্নয়নের জন্য ধারাবাহিক এবং গতিশীল আলোচনার অভিন্ন ক্ষেত্র খুঁজে বের করার ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী।”

টেলিনর দাবি করেছে, গ্রামীণফোনের নেটওয়ার্কের উন্নয়ন এবং কভারেজ আওতা বাড়াতে তারা কোম্পানি থেকে অর্জিত লাভের প্রায় পুরোটাই আবার বিনিয়োগ করেছে।