বণিজ্য মেলায় ৫০ কোটি টাকার তাৎক্ষণিক অর্ডার আশা করছে ইপিবি
এবারের ১২ তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ৫০ কোটি টাকার তাৎক্ষণিক বিক্রির অর্ডার পাওয়ার আশা করছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
বাণিজ্য মেলা ঘুরে দেখার সময় ইপিবি’র সহ-সভাপতি মীর শাহাবুদ্দিন শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবার আমরা যথেষ্ট আশাবাদী। রাজনৈতিক দলগুলোর অবস্থান এবং অবরোধ কর্মসূচির পরও মেলায় দর্শনার্থীর সংখ্যা গতবারের চেয়ে অনেক বেশি।”
তিনি বলেন, “গতবছর প্রায় ৩০ কোটি টাকার তাৎক্ষণিক বিক্রির অর্ডার পাওয়া গিয়েছিল।” দেশের সবচেয়ে বড় এই বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের ৬০ শতাংশ স্থানীয় পণ্যের রফতানিকারক বলে তিনি জানান।
এটি একটি ভালো লক্ষণ উল্লেখ করে তিনি বলেন, “রপ্তানিকারকদের পণ্যের গুণাগুণ তুলে ধরা এবং রপ্তানিকে উৎসাহ যোগানোই মেলার উদ্দেশ্য।”
ইপিবি সহ-সভাপতি জানান, রপ্তানিকারকদের আরো সহায়তা দিতে তারা ইতিমধ্যে পণ্য যাচাই বাছাইয়ের কাজও শুরু করেছেন।
মীর শাহাবুদ্দিন বলেন, “রপ্তানিকারকদের উন্নয়ন এবং আরো উপার্জনে সহায়তার জন্য আমরা পণ্যের দাম নির্ধারণসহ এর গুণগত মান বৃদ্ধি এবং প্যাকেজিংয়ে সাহায্য করছি।”
আয়োজকরা জানান, শুক্র এবং শনিবার ছুটির দিনে মেলায় দর্শনার্থী ও ক্রেতাদের ব্যাপক ভিড় ছিল।
ইপিবি সহ-সভাপতি বলেন, এবারের মেলায় রপ্তানিযোগ্য স্থানীয় পণ্যের দিকে দেশি বিদেশি বায়ারদের ঝোঁক দেখা যাচ্ছে।
সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত পাটের বহুমুখী ব্যবহার উৎসাহিতকরণ কেন্দ্র মেলায় পাটের তৈরি কাপড় প্রদর্শন করছে। প্রতি মিটার ১৮০ টাকা দামের এই কাপড় বিছানার চাদর কিংবা সোফা কভার হিসাবেও ব্যবহার করা যাবে।
কেন্দ্রের নির্বাহী পরিচালক ড. এবিএম আবদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশ ছাড়া আর কোথাও এ ধরনের কাপড় উৎপাদিত হচ্ছে না। পূবালী জুট মিল ব্যতিক্রমী এই কাপড় উৎপাদন করছে।”
এ কারণে জাপান ২০ লাখ মিটার এবং মালয়েশিয়ার আমদানিকারকরা ১০ লাখ মিটার কাপড়ের অর্ডার দিয়েছে বলে তিনি জানান।
গ্রামীণ চেকের প্যাভিলিয়নে শনিবার ছিল দর্শক-ক্রেতার ভিড়ে পরিপূর্ণ। প্যাভিলিয়নের কর্মকর্তা মিজানুর রহমান জানান, ভিড় সামলাতে তাদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। সবাই নোবেল পুরস্কার বিজয়ী ড. মুহম্মদ ইউনূস ব্যবহৃত ডিজাইনের ফতুয়া খুঁজছে বলে তিনি জানান।
মেলা উপলক্ষে ১৫ শতাংশ ছাড় দিয়েছে আসবাবপত্র কোম্পানি অটবি। কোম্পানির কর্মকর্তা এমডি আল-আওয়াল জানান, এই ছাড়ের কারণে তারা ব্যাপক ক্রেতা সাড়া পাচ্ছেন। শুক্রবার প্রায় ১২ হাজার মানুষ তাদের প্যাভিলিয়নে আসে বলেন জানান তিনি।
শনিবার মেলায় আসা মানুষের ঢল ছিল সিরামিক পণ্যের প্যাভিলিয়নগুলোতেও। মুন্নু সিরামিকসের মার্কেটিং ম্যানেজার এমডি নজরুল ইসলাম জানান, তাৎক্ষণিক অর্ডার খুব বেশি না পেলেও ক্রেতা আগ্রহ ক্রমশ বাড়ছে।
এদিন বিদেশি প্রতিষ্ঠানগুলোও ব্যস্ত সময় কাটিয়েছে।
পাকিস্তান প্যাভিলিয়নের আকমল মোস্তফা টিপু জানান, প্রতিবছরই তারা মেলায় অংশ নেন এবং ক্রেতাদের কাছ থেকে ব্যাপক সাড়াও পান।
ইপিবি সূত্রে জানা জায়, এবার মেলায় বাইরের দেশগুরোর অংশগ্রহণ গত বছরের তুলনায় কম। গত বছর ১১টি দেশের প্রতিষ্ঠান মেলায় অংশ নিলেও এবার সাতটি দেশের ৫১টি সংস্থা এসেছে।
এর কারণ জানাতে গিয়ে ইপিবির সহ-সভাপতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন দু’বার তারিখ পরিবর্তনের জন্যই বাইরের প্রতিষ্ঠান কম এসেছে।
