২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণফোনের নিয়ন্ত্রণ চান ইউনূস

নরওয়ের কোম্পানি টেলিনরের কাছ থেকে গ্রামীণফোনের নিয়ন্ত্রণভার গ্রহণে বদ্ধপরিকর মুহাম্মদ ইউনূস।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2006, 06:47 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

নোবেল শান্তি পুরস্কার নিতে শনিবার অসলো পৌঁছে আবারও সে কথাই বলেছেন তিনি।

রোববার এক অনুষ্ঠানে নোবেল কমিটির কাছ থেকে এই পুরস্কার নেওয়ার কথা রয়েছে তার।

অসলোর গার্ডারমোয়েন বিমান বন্দরে পৌঁছে ইউনূস দাবি করেন, এই মুহূর্তে গ্রামীণফোনের নিয়ন্ত্রণভার বাংলাদেশের হাতে থাকার কথা ছিল।

সাংবাদিকদের তিনি বলেন, “আমাদের চূড়ান্ত লক্ষ্য ছিল বাংলাদেশের দরিদ্র নারীদের কাছে গ্রামীণফোনের মালিকানা হস্তান্তর করা। আমরা সেজন্য অপেক্ষা করেছি।”

“আজ গ্রামীণফোনে আমাদের মালিকানা ৩৮ শতাংশ। কিন্তু আমরা ওই প্রতিষ্ঠানের বেশিরভাগ অংশের মালিকানা পেতে চাই।”

তবে টেলিনর বলছে, গ্রামীণ টেলিকমের কাছে গ্রামীণফোনের মালিকানা হস্তান্তর করা সংক্রান্ত কোনো চুক্তি তাদের মধ্যে হয়নি। বরং তারা বাংলাদেশের উন্নয়নের স্বার্থে ওই প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত লাভের অর্থের প্রায় সবটুকুই এখানেই পুনঃবিনিয়োগ করেছে।

গ্রামীণ ব্যাংকের অলাভজনক সহযোগী প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকমের সঙ্গে ১০ বছর আগে টেলিনর যৌথভাবে গ্রামীণফোন চালু করেছিল। বর্তমানে এর গ্রাহক সংখ্যা এক কোটি। বাংলাদেশের মোবাইল টেলিফোন বাজারের ৬০ শতাংশই তাদের দখলে।

বর্তমানে গ্রামীণফোনের ৬২ শতাংশ শেয়ারের মালিক নরওয়ের রাষ্ট্রায়ত্ত্ব এই প্রতিষ্ঠানটি একে দারুণ সাফল্য হিসেবে আখ্যায়িত করে থাকে।

উল্লেখ্য, ক্ষুদ্রঋণ কার্যক্রমের আওতায় গ্রামীণফোন প্রায় দুই লাখ ৬০ হাজার ফোন বিতরণ করেছে। এদের অধিকাংশই নারী গ্রাহক। এই ফোনগুলোর মাধ্যমে এরা গ্রামে গ্রামে টেলিফোন সেবা দেন যা তাদের আয়ের উৎস।

ক্ষুদ্রঋণের মাধ্যমে গ্রামের লাখ লাখ মানুষের দারিদ্র্য বিমোচনে অবদান রাখার জন্য এ বছর ইউনূস ও গ্রামীণ ব্যাংককে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।

বাংলাদেশের সীমা ছাড়িয়ে ‘ক্ষুদ্রঋণ’ এখন বিশ্বের বেশ কয়েকটি দেশেও ছড়িয়ে পড়েছে।