২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিটিএমএ নির্বাচনে আব্দুল হাই প্যানেলের নিরঙ্কুশ বিজয়

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নির্বাচনে আব্দুল হাই সরকারের প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে। নির্বাহী কমিটির ১৭ পদের সবগুলোতেই তারা বিজয়ী হয়। বৃহস্পতিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2006, 10:54 AM

Updated : 26 Apr 2022, 04:07 PM

এ প্যানেলের মোশারফ হোসেন এবং মোহাম্মদ আবুল বাশার বিটিএমএ এর উইভিং ক্যাটাগরি গ্রুপের পরিচালক নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে বিজয়ী ২৭ জন পরিচালক কয়েক দিনের মধ্যে দুই বছরের জন্য একজন সভাপতি এবং তিনজন সহ-সভাপতি নির্বাচিত করবেন।

১৫টি সাধারণ সদস্য পদের জন্য হাই প্যানেল থেকে ১৫ জন এবং বর্তমান চেয়ারম্যান এমএ আওয়ালের প্যানেল থেকে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

পূর্বাণী গ্রুপের প্রদীপ কুমার সেন জানান, এমএ আওয়াল প্যানেলের মাত্র তিন জন প্রার্থী ভোট দিয়েছেন। এমনকি আওয়াল নিজেও ভোট দিতে কেন্দ্রে যাননি।

স্পিনিং খাতের মোট ১৪৪ জন ভোটারের মধ্যে ১০৪ জন ভোট দিয়েছেন। এর মধ্যে আব্দুল হাই সরকার ৯৮ টি এবং এমএ আওয়াল ২৬ টি ভোট পান।

বিটিএমএ সূত্র জানায়, পরিচালক নিয়োগের ক্ষেত্রে ঐক্যমতে পৌঁছানোর রেওয়াজ ভেঙে ২০০৩ সালের নির্বাচনের পর বিটিএমএ এই বছর ১৭ টি পরিচালক পদের জন্য নির্বাচনের আয়োজন করে।

আব্দুল হাই প্যানেল থেকে নির্বাচিতরা হলেন-বেক্সিমকো সিনথেটিকের এএসএফ রহমান, স্কয়ার স্পিনিং এর তপন চৌধুরী, সোনারগাঁও টেক্সটাইলের একেএম আজিজুর রহমান, ফুয়াদ স্পিনিং এর জাহাঙ্গীর আল-আমিন, শামসুদ্দিন স্পিনিং এর মোহাম্মদ কুতুবউদ্দিন আহম্মেদ, ফয়েজুন্নেসা টেক্সটাইলের আব্দুল মান্নান মিয়া, রহমত টেক্সটাইলের আলতাফ হোসেন সরকার, গুলশান স্পিনিং এর এমএ রহমান, নুরুল ইসলাম স্পিনিং এর মোহাম্মদ মোখলেসুর রহমান, যমুনা ডেনিমসের মোহাম্মদ শামীম ইসলাম, প্যারাডাইস স্পিনিং এর মোবারক হোসেন, কম্পোজিট টেক্সটাইলের মীর জুবায়ের কাশেম নাহিদ, পারটেক্স স্পিনিং এর শওকত আজিজ রাসেল এবং মেট্রো স্পিনিং এর মোহাম্মদ আলী খোকন।

অ্যাসোসিয়েট গ্রুপের একজনসহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোট ১০ জন পরিচালক নির্বাচিত হয়েছেন।

এদের মধ্যে এ-ক্যাটাগরিতে (ইয়ার্ন ম্যানুফেক্রচার্স) আমান সরকার, বি-ক্যটাগরিতে (ফেব্রিক্স ম্যানুফেক্রচার্স) আকরাম খান, এম জাহেদ, মাহবুব হোসেন, জামালউদ্দিন আহম্মেদ, সিরাজুল ইসলাম, সি-ক্যাটাগরিতে (ডাইং অ্যান্ড ফিনিশিং) মতিউর রহমান এবং সাধারণ ক্যাটাগরিতে আহম্মেদ আলী, আবুল কালাম ও রাশেদুল ইসলাম নির্বাচিত হন।

সমিতির কার্যালয়ে সকাল সাড়ে ১০ টায় ভোটগ্রহণ শুরু হয়ে কোনো বিরতি ছাড়া দুপুর ৩ টায় শেষ হয়। পরে দুপুর সাড়ে ৩ টা থেকে ভোট গণনা শুরু হয়।