২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ার বাজার চাঙ্গা

শিগগিরই রাজনীতির আকাশে জমে থাকা কালো মেঘ কেটে যাবে-বিনিয়োগকারীদের মধ্যে এমন বিশ্বাস জন্মানোর পাশাপাশি দুই বাজারেই শেয়ার লেনদেনের পরিমাণ বেশি হওয়ায় বৃহস্পতিবার দেশের পুঁজি বাজার ছিল চাঙ্গা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2006, 06:10 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ ৩৯ দশমিক ৩২ শতাংশ বেড়ে ৫২ কোটি ২১ লক্ষ ১৫ হাজার টাকায় দাঁড়ায়। আগের দিন এর পরিমাণ ছিল ৩৭ কোটি ৪৭ লক্ষ ৭০ হাজার টাকা।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় ৮০ দশমিক ৯২ শতাংশ বেড়ে ১৪ কোটি ৬২ লক্ষ ৭০ হাজার টাকায় পৌঁছে।

এ প্রসঙ্গে এইমস অব বাংলাদেশের প্রধান নির্বাহী ইওয়ার সাঈদ বলেন, “আমরা আশা করছি শিগগিরই রাজনৈতিক অচলাবস্থার নিরসন হবে।”

“অক্টোবরে মুদ্রাস্ফীতির হার বাড়ার খবরের কোনো প্রভাব বাজারে পড়েনি। সুদের হারের ওপরও এ খবরের তাৎক্ষণিক কোনো প্রভাব দেখা যায়নি।”

“আন্তর্জাতিক অঙ্গণে মুদ্রাস্ফীতির সঙ্গে সুদের হারের এবং পুঁজি বাজারের সরাসরি সম্পর্ক রয়েছে। সুদের হারে তৎক্ষণাৎ কোনো প্রভাব পড়লে আমরা হয়তো পাল্টা প্রতিক্রিয়া দেখতে পেতাম,” বলেন তিনি।

উল্লেখ্য, সেপ্টেম্বরে মুদ্রাস্ফীতির হার ছয় দশমিক ৮৯ হলেও অক্টোবরে তা বেড়ে সাত দশমিক ৩০ এ দাঁড়ায় বলে বৃহস্পতিবার জানা যায়।

ডিএসই সাধারণ সূচক বৃহস্পতিবার ১৮ দশমিক ৭৪ পয়েন্ট বা এক দশমিক ১৯ শতাংশ বেড়ে দাঁড়ায় এক হাজার ৫৮৬ দশমিক ৫১ এ।

ডিএসই-২০ সূচক ২২ দশমিক ২৯ পয়েন্ট বা এক দশমিক ৬৪ শতাংশ বেড়ে আগের দিন এক হাজার ৩৫৪ দশমিক ১৮

থেকে এক হাজার ৩৭৬ দশমিক ৪৭ এ পৌঁছে।

ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ১৬ দশমিক ৭৭ পয়েন্ট বা এক দশমিক ২৯ শতাংশ বেড়ে এক হাজার ৩১৩ দশমিক ৪৬ এ দাঁড়ায়।

ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হওয়া শেয়ারের মধ্যে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) শেয়ারের দাম এক সময় ২৬৩ দশমিক ২৫ টাকায় উঠলেও দিন শেষে তা আগের দিনের সমান, অর্থাৎ ২৫৪ দশমিক ৫০ টাকায় স্থির থাকে। এর মোট তিন লক্ষ ৪৭ হাজার ৭০০ শেয়ারের লেনদেন হয় নয় কোটি ২০ হাজার টাকায়।

লেনদেনের ক্ষেত্রে পিজিসিবির পরেই ছিল ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি অব বাংলাদেশ (আইপিডিসি), সাইথইস্ট ব্যাংক ও যমুনা ব্যাংক।

আইপিডিসির শেয়ারের দাম বাড়ে আগের দিনের তুলনায় সাত দশমিক ১৬ শতাংশ বেড়ে দাঁড়ায় ৪২৯ দশমিক ৭৫ টাকায়। এর এক লক্ষ ৭৮ হাজার ৮০০ শেয়ার লেনদেন হয় সাত কোটি ৬০ লাখ ৭০ হাজার টাকায়।

সাউথইস্ট ও যমুনা ব্যাংকের শেয়ারের দাম বাড়ে যথাক্রমে দুই দশমিক ২০ ও পাঁচ দশমিক ৩৬ শতাংশ।

দাম বাড়ার তালিকায় শীর্ষে ছিল গাল্ফ ফুড, ঢাকা ফিশারিজ ও আইপিডিসি।

অন্যদিকে রহিমা টেক্সটাইল, নিলয় পলিমার ও আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমে।

এদিকে ব্যাংকিং খাতের ওপর ভিত্তি করে সিএসইর সার্বিক শেয়ার সূচক এক দশমিক ৩২ শতাংশ বেড়ে তিন হাজার ৭০২ দশমিক ৭২ এ দাঁড়ায়।

সিএসই-৩০ সূচক এক দশমিক ৮১ শতাংশ বেড়ে তিন হাজার ২৭৩ দশমিক ৭০ এ এবং বাছাইকৃত ৩০ সূচক আগের দিনের চেয়ে এক দশমিক ৩০ শতাংশ বাড়ে।

বৃহস্পতিবার ডিএসইতে মোট লেনদেন হওয়া ১৯৮টি শেয়ারের মধ্যে ১৩৬টির দাম বাড়ে, ৪১টির দাম কমে এবং ২১টির দাম অপরিবর্তিত ছিল।

অন্যদিকে, সিএসইতে লেনদেন করা ৮৫টির মধ্যে ৫৭টির দাম বাড়ে, ১৭টির দাম কমেছে এবং ১১টির দাম অপরিবর্তিত ছিল।