এখনও জমে ওঠেনি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা
চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে গত শনিবার শুরু হলেও বুধবার পর্যন্ত জমে ওঠেনি দ্বাদশ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)।
বিদেশী ক্রেতাদের আকর্ষণ করতে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) দেশের সবচেয়ে বড় এই মেলার আয়োজন করে থাকে।
মেলায় অংশ নেওয়া এক ব্যবসায়ী আলতাফ চৌধুরী বুধবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডিআইটিএফ মাঠের উল্টো দিকে অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে ১৪ দলের ধারাবাহিক অবস্থান ও বিক্ষাভ কর্মসূচির কারণে মানুষ মেলায় আসতে নিরুৎসাহিত হচ্ছে।”
নাম প্রকাশে অনিচ্ছুক ডিআইটিএফ তথ্য কেন্দ্রের একজন জানান, “মেলা শুরু হওয়ার পর আগের তিন দিনের তুলনায় শুধুমাত্র মঙ্গলবার বিকেলে কিছুটা ভিড় হয়েছিল।”
তিনি জানান, মাসব্যাপী এই মেলার শেষ দুই সপ্তাহ সাধারণত জমজমাট থাকে।
চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে মানুষ মেলায় আসতে নিরুৎসাহিত হচ্ছে বলে তিনিও মন্তব্য করেন।
তিনি আরও বলেন, গত বছর মেলায় বোমাতঙ্ক বিরাজ করলেও পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও র্যাব সদস্য নিরাপত্তার দায়িত্ব থাকায় এ বছর তেমন ভয়ের কারণ নেই।
বুধবার বিকেলে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখার সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রতিবেদক এখনও অনেক প্রতিষ্ঠানকে তাদের স্টল সাজসজ্জার কাজ করতে দেখেন।
ইরানের এক পাথর ও অলঙ্কার ব্যবসায়ী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি গত কয়েক বছর ধরে এ মেলায় অংশ নিচ্ছি....... কিন্তু এ বছর এটা এখন পর্যন্ত কোন আকর্ষণ সৃষ্টি করতে পারেনি।”
উদ্বোধনী অনুষ্ঠানেও সীমিত উপস্থিতি ছিল বলে তিনি জানান।
আমদানি করা রেফ্রিজারেটর, এয়ার কুলার ও অনান্য ইলেকট্রনিক্স সরঞ্জাম নিয়ে মেলায় অংশ নেওয়া অপর এক ব্যবসায়ী জানান, আগের বছরগুলোর মতো মেলায় স্টল পেতে এ বছর তাদের তেমন কোনো প্রতিযোগিতা করতে হয়নি।
তিনি বলেন, “১লা জানুয়ারি অনুষ্ঠিতব্য ঈদ-উল-আজহার কারণে এবার আমরা কম সময় পাচ্ছি।”
“আপনি জানেন পণ্যের প্রচারই আমাদের লক্ষ্য। কিন্তু বিক্রির পরিমাণ আমাদের অনুৎসাহিত করছে।”
বিক্রি এখনও উল্লেখযোগ্য পরিমাণ নয় বলে তিনি জানান।
ইপিবি সূত্র জানায়, চলমান রাজনৈতিক সঙ্কটের কারণে মেলার সময় কমপক্ষে দুবার পেছানো হয়।
ডিআইটিএফ ২০০৬ এর জন্য ইপিবি প্রথমে সময় নির্ধারণ করেছিল ১১ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর। পরে আবার তা ১৮ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর পুনঃনির্ধারণ করা হয়। কিন্তু শেষপর্যন্ত ওই সময়ও পরিবর্তন করে ২ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর সময় নির্ধারণ করা হয়।
সূত্র জানায়, এ বছর ৪১৮টি কোম্পানি মেলায় অংশ নিয়েছে। মেলায় অংশগ্রহণকারীদের জন্য ইপিবি চারটি বিশেষ প্যাভেলিয়ন, নয়টি প্রিমিয়াম প্যাভেলিয়ন, ৩৬টি প্যাভেলিয়ন, সাতটি মিনি প্রিমিয়াম প্যাভেলিয়ন, ৩১টি মিনি প্যাভেলিয়ন এবং ৩০০টি স্টল স্থাপন করেছে। দর্শণার্থীদের জন্য মেলায় আটটি রেস্টুরেন্টও স্থাপন করা হয়েছে।
ইপিবি সূত্রে জানা যায়, গত সাত বছর ধরে মেলায় বিদেশী অংশগ্রহণকারীর সংখ্যা কমেছে। গত বছর মেলায় ১১টি দেশ অংশ নিয়েছিল। কিন্তু এ বছর মালয়েশিয়া, যুক্তরাজ্য, ভারত, ইরান, পাকিস্তান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও যুক্তরাষ্ট্রসহ নয়টি দেশের প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
শনিবার রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী ভাষণে বিশেষ করে রপ্তানিসহ দেশের অর্থনীতির ক্ষতি করে এমন কোনো কর্মসূচি না দেওয়ার জন্যও সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
এ মেলা ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। তবে সাপ্তাহিক ও অন্য সরকারি ছুটির দিন চলবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। মেলায় প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশ মূল্য ১০ টাকা এবং শিশুদের জন্য পাঁচ টাকা রাখা হয়েছে।
