তত্ত্বাবধায়ক সরকারের আমলেই পোশাক আমদানির চুক্তি করতে চায় ভারত
সাফটা চুক্তির আওতায় বাংলাদেশ থেকে শর্তযুক্তভাবে ৬০ লাখ পিস তৈরি পোশাক আমদানি করতে চায় ভারত। এ জন্য তারা বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদের মধ্যেই সব ধরনের অনুষ্ঠানিকতা সেরে ফেলতে আগ্রহী।
নাম প্রকাশে অনিচ্ছুক বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান।
ওই কর্মকর্তা বলেন, “বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানির সব আনুষ্ঠানিকতা শেষ করতে অনেক দিন ধরে অনুরোধ করা হলেও ভারত তাতে সাড়া দেয়নি। তবে হঠাৎ করেই তারা এ ব্যাপারে চুক্তি স্বাক্ষরের জন্য তৎপর হয়ে উঠেছে।”
অবশ্য অস্থির নির্বাচনী পরিবেশ নিয়ে ব্যস্ততার কারণে তত্ত্বাবধায়ক সরকার ভারতের সঙ্গে এ ধরনের কোনো চুক্তি স্বাক্ষরে এখন আগ্রহী নয় বলে বাণিজ্য মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা ইঙ্গিত দেন।
সূত্র জানায়, নিজ দেশের স্পর্শকাতর পণ্যের তালিকায় থাকার পরও ভারত গত বছরের ডিসেম্বরে সাফটার বিশেষ একটি ধারার আওতায় সীমিত আকারে বাংলাদেশী তৈরি পোশাক আমদানিতে রাজী হয়।
সে সময়ের সমঝোতা অনুসারে বাংলাদেশ এক বছরে ভারতের বাজারে ৬০ লাখ ‘পিস’ পোশাক রপ্তানি করতে পারবে। তবে এর বিপরীতে পোশাক তৈরি বাবদ অর্ধেক পরিমাণ কাপড় আমদানি করতে হবে ভারত থেকে।
পোশাক আমদানির আগ্রহ দেখিয়ে ভারত চুক্তির একটি খসড়া নভেম্বর মাসে বাংলাদেশের কাছে পাঠিয়েছে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্র জানায়।
এরপর মন্ত্রণালয়ের পক্ষ থেকে ট্যারিফ কমিশন, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং তৈরি পোশাক রপ্তানিকারকদের কাছ থেকে পরামর্শ চাওয়া হয়।
এর জবাবে ইপিবি ইতিবাচক সাড়া দিয়ে জানায়, প্রস্তাবের বিষয়ে তাদের কোনো আপত্তি নেই এবং এটি বাস্তবায়িত হলে স্থানীয় রপ্তানিকারকদের মধ্যে আস্থা বাড়বে। তবে চুক্তি স্বাক্ষরের আগে পোশাক রপ্তানিকারকদের পরামর্শ নেওয়া প্রয়োজন বলে রপ্তানি উন্নয়ন ব্যুরো জানায়।
অন্যদিকে রপ্তানিকারকরাও যত তাড়াতাড়ি সম্ভব চুক্তি স্বাক্ষরের অনুরোধ জানায়।
বিজিএমইএ সভাপতি এম ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ভারতের বাজারে ঢোকার জন্য উন্মুখ হয়ে আছি। সেখানকার উত্তর-পূর্ব রাজ্যগুলোতে ভালো দাম পাবো বলে আমরা নিশ্চিত।”
বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা অনেক দিন ধরেই ভারতের বাজারে তাদের পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার জন্য দেশটির সরকারের কাছে অনুরোধ জানিয়ে আসছে।
ভারত ও বাংলাদেশের মধ্যে এখনও বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, ২০০৩-০৪ অর্থবছরে বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল ২০০ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। ২০০৫-০৬ অর্থবছরে ঘাটতি কমে দাঁড়ায় ১৬২ কোটি ৬০ লাখ মার্কিন ডলারে।
