২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার দিনের মাথায় শেয়ার বাজারে মন্দা

অল্প সময়ে মুনাফার আশায় খুচরা বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে দেওয়ায় পরপর তিন দিন ঊর্ধ্বমুখী থাকার পর চতুর্থ দিন বুধবার শেয়ার বাজারে মন্দা দেখা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2006, 08:12 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

এই দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ ৩৭ দশমিক ৫২ শতাংশ কমে ৩৭ কোটি ৪৭ লক্ষ ৭০ হাজার টাকায় দাঁড়ায়। আগের দিন এর পরিমাণ ছিল ৫৯ কোটি ৯৮ লক্ষ ৬০ হাজার টাকা।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় ৪১ শতাংশ কমে আট কোটি ১৪ লক্ষ টাকায় পৌঁছে। মঙ্গলবার এর পরিমাণ ছিল ১৩ কোটি ৭৯ লক্ষ ৮০ হাজার।

ডিএসই সার্বিক সূচক মঙ্গলবার এক হাজার ৫৮১ দশমিক ১৪ পয়েন্ট থেকে ১৩ দশমিক ৩৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৮৪ শতাংশ কমে যায়।

ডিএসই-২০ সূচক নয় পয়েন্ট বা শূন্য দশমিক ৬৬ শতাংশ কমে আগের দিন এক হাজার ৩৬৩ দশমিক ১৮ পয়েন্ট থেকে এক হাজার ৩৫৪ দশমিক ১৮ পয়েন্টে পৌঁছে।

ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ১২ দশমিক ৩৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৯৬ শতাংশ কমে এক হাজার ২৯৬ দশমিক ৬৮ পয়েন্টে দাড়ায়।

এইমস অব বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ইওয়ার সাঈদ বলেন, “খুচরা বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়ার ফলে বাজারে সামান্য চাপের সৃষ্টি হয়েছে। কিন্তু তিন দিন দাম বাড়ার পর এটা স্বভাবিক ছিল।”

ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হওয়া শেয়ারের মধ্যে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ এবং ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি অব বাংলাদেশ (আইপিডিসি) যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে ছিল।

এদের শেয়ারের দাম বাড়লেও ডেসকো, সিটি ব্যাংক, সামিট পাওয়ার, পূবালী ব্যাংক, রূপালী ব্যাংক ও বেক্সিমকো ফার্মার শেয়ারের দামে।

প্রাইম ব্যাংক ও সাউথইস্ট ব্যাংকের শেয়ারের দাম সামান্য বাড়ে।

মোট নয় কোটি ৫৭ লক্ষ ৩০ হাজার টাকার লেনদেন করে পিজিসিবির শেয়ারের দাম শূন্য দশমিক ২৯ শতাংশ বেড়েছে।

অন্যদিকে, পাঁচ কোটি ১৮ লক্ষ ৫০ হাজার টাকার লেনদেন করে আইপিডিসির শেয়ারের দাম দুই দশমিক ৬৮ শতাংশ বাড়ে।

দাম বাড়ার তালিকায় শীর্ষে ছিল বাংলাদেশ ওয়েল্ডিং, ম্যাক পেপার ও আইপিডিসি।

অন্যদিকে, দেশ গার্মেন্টস, দুলামিয়া কটন ও রাসপিট ইনকর্পোরেটের (বিডি) শেয়ারের দাম সবচেয়ে বেশি কমে।

এদিকে ব্যাংক, চামড়া ও স্থাপত্য খাতের কোম্পানিগুলোর শেয়ারের দাম পড়ে যাওয়ায় সিএসইর সার্বিক শেয়ার সূচক এক দশমিক ১৫ শতাংশ কমেছে।

সিএসই-৩০ সূচক এক দশমিক শূন্য পাঁচ শতাংশ কমে তিন হাজার ২১৫ দশমিক ৩৭ পয়েন্টে পৌঁছায়।

অন্যদিকে, সিএসই-৩০ ও বাছাইকৃত ৩০ (সিএসসিএক্স) এর শেয়ার সূচক আগের দিনের চেয়ে এক দশমিক ১১ শতাংশ কমে যায়।

বুধবার ডিএসইতে মোট লেনদেন হওয়া ১৯৯টি শেয়ারের মধ্যে ৫১টির দাম বাড়ে, ১২০টির দাম কমে এবং ২৮টির দাম অপরিবর্তিত ছিল।

অন্যদিকে, সিএসইতে লেনদেনকৃত শেয়ারের মধ্যে ১৬টির দাম বাড়ে, ৬৩টির দাম কমেছে এবং ১৩টির দাম অপরিবর্তিত ছিল।