২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরগুলোর সঙ্গে দ্রুত নেটওয়ার্কের আওতায় আসছে ইপিবি

সরকার বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় আগামী বছর রপ্তানি উন্নয়ন ব্যুরোতে (ইপিবি) একটি বাণিজ্য পোর্টাল স্থাপন করতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2006, 09:26 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

এই প্রকল্প বাস্তবায়িত হলে একটি লোকাল এরিয়া নেটওয়ার্কের সহায়তায় সমন্বিত কাঠামোর মাধ্যমে দেশের সবগুলো সমুদ্র ও স্থলবন্দরের কাস্টমস হাউজ এবং জাতীয় রাজস্ব বোর্ডের প্রধান কার্যালয়ের সঙ্গে ইপিবির সরাসরি যোগাযোগ স্থাপিত হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

কর্মকর্তাটি জানান, এর মাধ্যমে ইপিবি একটি কম্পিউটারাইজড ব্যবস্থার মাধ্যমে রপ্তানি তথ্য ও নতুন শিপমেন্টের পরিসংখ্যান সংক্রান্ত তথ্য হালনাগাদ করতে পারবে।

তিনি আরও জানান, ট্রেড নেগোসিয়েশন ক্যাপাসিটি বিল্ডিং অফ কমার্স মিনিস্ট্রি অ্যান্ড এস্টাবলিশমেন্ট অব ট্রেড পোটাল ইন ইপিবি” নামে একটি বৃহৎ প্রকল্পের অধীনে এই বাণিজ্য পোর্টালটি স্থাপন করা হবে। প্রকল্পের মোট ব্যয় সাড়ে ১১ কোটি টাকা (১১৫ দশমিক ৬২ মিলিয়ন টাকা)।

প্রকল্পের জন্য বিশ্বব্যাংক কারিগরি সহায়তা কর্মসূচির অধীনে অনুদান হিসেবে ৮ কোটি ৭৭ লাখ টাকা দেবে। বাদবাকি অর্থ সরকার অভ্যন্তরীণ খাত থেকে সংস্থান করবে।

প্রস্তাব অনুযায়ী প্রকল্পটি ২০০৭ সালের জানুয়ারি মাসে শুরু হয়ে ২০১১ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়িত হওয়ার কথা। তবে প্রস্তাবটি এখন পর্যন্ত অনুমোদনের অপেক্ষায় বাণিজ্য মন্ত্রণালয়েই পড়ে আছে বলে জানা গেছে।

ওই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “বাণিজ্য পোর্টালটি প্রকল্পের প্রধান অংশ।”

তিনি বলেন, “বাণিজ্য আলোচনার জন্য কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন এবং বাণিজ্য ইস্যু সম্পর্কে কারিগরি দক্ষতা অর্জন এ প্রকল্পের অন্যতম একটি অংশ।”

অবাধ বাণিজ্য ইস্যুটি মন্ত্রণালয়ের জন্য বড় আশংকার বিষয় উল্লেখ করে তিনি বলেন, “ভবিষ্যত বাণিজ্য আলোচনার জন্য আমাদের সক্ষমতা অর্জন করা প্রয়োজন।”

বাণিজ্য নীতি প্রণয়ন, বিশ্ব বাণিজ্য সংস্থা এবং আঞ্চলিক সংস্থাগুলোর সঙ্গে বাণিজ্য আলোচনার ক্ষেত্রে দক্ষতা, বাজার প্রবেশ, শুল্ক বাধা এবং রপ্তানি প্রতিযোগিতা সম্পর্কিত বিষয়ের ওপরও প্রকল্পে গুরুত্ব দেওয়া হবে।