২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবারও শুরু হয়নি টিসিবির ওএমএস কার্যক্রম

ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশের (টিসিবি) খোলা বাজারে পণ্য বিক্রি (ওএমএস) কার্যক্রম রোববার থেকে চালু হওয়ার কথা থাকলেও মঙ্গলবারেও তা শুরু হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2006, 06:20 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

এর কারণ হিসেবে ১৪ দলের অবরোধকে দায়ী করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক টিসিবির এক দায়িত্বশীল কর্মকর্তা।

সারা দেশে সাধারণ ভোক্তাদের জন্য ওএমএস-এর আওতায় খাদ্য অধিদপ্তরের ডিলারদের মাধ্যমে গত রোববার থেকে ন্যায্য মূল্যে মশুর ডাল ও চিনি বিক্রির কথা থাকলেও মঙ্গলবারেও এর কাজ শুরু করা যায়নি।

ঊর্ধ্বতন ওই কর্মকর্তা বলেন, “নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্যের ঊর্ধ্বগতির কারণেই সরকার ওএমএস চালুর সিদ্ধান্ত নিয়েছে। সে অনুযায়ী দেশের বিভিন্ন আমদানিকারকের কাছ থেকে পণ্যগুলো কিনে স্বল্প মূল্যে বাজারে ছাড়ার কথা। কিন্তু অবরোধের কারণে এ উদ্যোগ পিছিয়ে গেছে।”

টিসিবি সূত্রে জানা যায়, সারা দেশে তাদের বিভিন্ন গুদামে প্রায় ১২০০ মেট্রিক টন চিনি ও প্রায় ২০০০ মেট্রিক টন ডাল মজুদ আছে।

এসব পণ্য ছাড় করার জন্য খাদ্য অধিদপ্তরের ওএমএস ডিলারদের নিয়োগ দেওয়া হচ্ছে এবং এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি ৩০ নভেম্বর জারি করা হয়েছে।

ডিলাররা প্রতি সপ্তাহে দু’বার ৬০০ কেজি করে চিনি ও ডাল নগদ মূল্যে গুদাম থেকে কিনতে পারবেন।

তবে এ পর্যন্ত ঢাকা এলাকায় ৫৫ জন, চট্টগ্রামে দুজন ও রাজশাহী বিভাগে ১১ জন হিসেবে মাত্র ৬৮ জন ডিলার নিয়োগ করা গেছে এবং তাদের চাহিদা অনুযায়ী ইতোমধ্যে চিনি ও ডাল সরবরাহের নির্দেশও দেওয়া হয়েছে।

এছাড়া ঈদুল আযহা উপলক্ষে ওএমএস কার্যক্রম ছাড়াও টিসিবি নিজস্ব ভ্রাম্যমান ট্রাকে করে আগামি ১৪ ডিসেম্বর থেকে ঢাকার গুরুত্বপুর্ণ ৫০টি স্থানসহ সারাদেশে ডাল ও চিনি বিক্রি করবে।

এর আওতায় ঢাকায় ১০টি ট্রাক, চট্টগ্রামে চারটি, খুলনায় দু’টি ও রাজশাহীতে দু’টি ট্রাকের ব্যবস্থা করা হয়েছে।