মুদ্রাস্ফীতির লাগাম টেনে ধরা প্রয়োজন: ড. সালেহউদ্দিন
গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব নিয়েছেন দেড় বছরেরও বেশি সময় আগে। এরপর থেকে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ও আর্থিক খাতে শৃঙ্খলা বজায় রাখতে তিনি কি কি পদক্ষেপ নিয়েছেন একান্ত সাক্ষাৎকারে তাই খতিয়ে দেখেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক সোহেল পারভেজ।
মুদ্রাস্ফীতিকে বাংলাদেশের অর্থনীতির জন্য একটি প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ।
তার মতে, প্রবৃদ্ধির গতিকে বাধাগ্রস্ত না করে এখনই মুদ্রাস্ফীতির লাগাম টেনে ধরা প্রয়োজন।
সালেহউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বলেন, “আমরা যথাসাধ্য চেষ্টা করছি। প্রবৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত না করে মুদ্রাস্ফীতি কমিয়ে আনার জন্য আমাদের সতর্ক আর্থিক নীতিকে আরও বেশি সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে।”
গভর্নর বৈদেশিক মুদ্রার মজুদের যৌক্তিকতা, অর্থ এবং বৈদেশিক মুদ্রা বিনিময় বাজারে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা, এর স্বায়ত্তশাসন, নতুন ব্যাংকের অনুমোদন এবং সর্বোপরি অন্যান্য সার্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের বিষয়েও কথা বলেছেন।
সাক্ষাৎকারে গভর্নর ৬ দশমিক ৫ থেকে ৬ দশমিক ৮ প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি অর্জনের ব্যাপারে তার প্রতিষ্ঠানের দেওয়া পূর্বাভাসের বিষয়টি উল্লেখ করে বলেন, “আমদানির তুলনায় রপ্তানি ও রেমিটেন্সের প্রবাহ ভাল।”
তিনি বলেন, “বাহ্যিক খাতগুলো ভালো করছে।”
রপ্তানি আয় এবং বৈদেশিক মুদ্রার প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় ২০০৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনমাসে যথাক্রমে ৩১ দশমিক ৪৯ এবং ২৪ দশমিক ১৮ শতাংশ বেড়েছে। এক্ষেত্রে আমদানি পরিশোধের পরিমাণ বেড়েছে ১৯ দশমিক ৩৯ শতাংশ।
বার্ষিক মুদ্রাস্ফীতির হার প্রসঙ্গে তিনি বলেন, ২০০৬ সালের জুন পর্যন্ত (১২ মাসের গড় হিসেবের ভিত্তিতে) তা ৭ দশমিক ১৬ শতাংশ থাকলেও সেপ্টেম্বর পর্যন্ত তা কমে ৬ দশমিক ৯৭ শতাংশে নেমে এসেছে।
“২০০৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত খাদ্য ও খাদ্য বহির্ভূত-এ দুই ক্ষেত্রেই মুদ্রাস্ফীতি ২১ এবং ১৪ বেসিস পয়েন্ট কমেছে।”
বৈদেশিক মুদ্রার রিজার্ভ একটি গ্রহণযোগ্য মাত্রায় রাখার বিষয়টি সরকারের প্রচারণার একটা অংশ কিনা সে প্রশ্নের জবাবে সালেহউদ্দিন বলেন, “বৈদেশিক মুদ্রার রিজার্ভ গ্রহণযোগ্য মাত্রায় রাখা অর্থনৈতিক স্থিতিশীলতার জন্যই প্রয়োজন।”
‘বৈদেশিক মুদ্রা বাজার স্থিতিশীল রাখার জন্যও গ্রহণযোগ্য মাত্রার রিজার্ভ দরকার’-এ যুক্তি উপস্থাপন করে তিনি বলেন, “অপ্রত্যাশিত বাহ্যিক ও অভ্যন্তরীণ সঙ্কট সামাল দেওয়ার জন্য অন্তত তিন মাসের আমদানি বিলের সমান রিজার্ভ থাকা উচিত।”
তিনি বলেন, “বর্তমান রিজার্ভে ২ দশমিক ৯ মাসের আমদানি বিল পরিশোধ করা যাবে।”
টাকার দাম কমে যাওয়ার কারণে আমদানিকৃত পণ্যের দাম বেড়ে যাওয়ার বিষয়টি ব্যাখ্যা করার অনুরোধ জানালে তিনি বলেন, “বৈদেশিক মুদ্রার বিনিময় হার চাহিদা ও সরবরাহের ভিত্তিতেই নির্ধারিত হয়ে থাকে।”
“বাংলাদেশ ব্যাংক মুদ্রা বিনিময় হারকে প্রভাবিত করে না। মুদ্রাস্ফীতি এড়াতে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক নীতি হলো স্থানীয় ও বিদেশি পণ্যের চাহিদা ধরে রাখা এবং বিনিময় হারের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করা।”
‘কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারে হস্তক্ষেপ করে থাকে’ বলে ব্যাংকগুলোর দিক থেকে যে অভিযোগ রয়েছে তা অস্বীকার করে গভর্নর বলেন, “অর্থের মজুত নিয়ন্ত্রণে রাখতে মুদ্রা বাজারে হস্তক্ষেপ একটি স্বাভাবিক ব্যাপার। নিজেদের লক্ষ্য অর্জনে আমরা ট্রেজারি বিল, বাংলাদেশ ব্যাংক বিল, রেপো ও রিভার্স রেপো ব্যবহার করে থাকি। অর্থবাজারের ওপর হস্তক্ষেপ মাঝে মাঝে বৈদেশিক মুদ্রা বিনিময় বাজারকে প্রভাবিত করে। কিন্তু মুদ্রার বিনিময় হার নিয়ন্ত্রণের জন্য আমরা কখনই বৈদেশিক মুদ্রা বাজারে হস্তক্ষেপ করি না।”
বর্তমানে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক আর্থিক ও মুদ্রানীতির মধ্যে পারস্পরিক সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “অধিকাংশ উন্নয়নশীল অর্থনীতি প্রবৃদ্ধি অব্যাহত রাখার জন্য কমবেশি সম্প্রসারিত রাজস্ব নীতি অবলম্বন করে।”
“কেন্দ্রীয় ব্যাংকগুলোর লক্ষ্য হচ্ছে মূল্য স্থিতিশীল রাখা এবং আর্থিক খাতে শৃঙ্খলা নিশ্চিত করা,” বলেন তিনি।
বেসরকারি খাতের ঋণ প্রবাহের ব্যাপারে সালেহউদ্দিন এ বছর জুলাইয়ে ঘোষিত মুদ্রানীতির উদ্ধৃতি দিয়ে বলেন, তার কার্যালয় ঋণ প্রবাহের ক্ষেত্রে কোনও বিধিনিষেধ আরোপ করেনি। বরং তারা উৎপাদনশীল খাতে পর্যাপ্ত ও সহজ ঋণ প্রবাহ নিশ্চিত করতে সুনির্দিষ্ট নীতির ওপর গুরুত্ব দিয়েছে।
তিনি বলেন, “আমরা বেসরকারি খাতে ঋণ প্রবাহের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করিনি। আমরা শুধু সামগ্রিক চাহিদা নিয়ন্ত্রণের পদক্ষেপ নিয়েছি।”
গভর্নর নতুন ব্যাংক খোলার ব্যাপারে অনুমোদন না দেওয়ার যৌক্তিকতা তুলে ধরে বলেন, “বিদ্যমান ব্যাংকগুলো দক্ষতার সাথে তাদের কার্যক্রম চালিয়ে নিতে পারলে বাড়তি ব্যাংকের দরকার আছে বলে আমরা মনে করি না।”
“আমানতকারীদের অর্থের ব্যাপারে যেহেতু ব্যাংকগুলোকে নিশ্চয়তা দিতে হয়, তাই প্রতিযোগিতাপূর্ণ ব্যাংকিং বাজারের আওতায় নতুন বিনিয়োগ সবসময়ই ঝুঁকিপূর্ণ।”
তিনি বলেন, “সব ধরনের সম্ভাব্যতা, বাস্তবতা ও ঝুঁকির কথা বিবেচনা করে নতুন ব্যাংককে অনুমোদন প্রদানের বিষয়টি আমরা বিবেচনায় নিচ্ছি না।”
‘বাংলাদেশ ব্যাংক প্রকৃত অর্থেই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কিনা’ সে ব্যাপারে তিনি বলেন, “বাংলাদেশ ব্যাংক আদেশ ১৯৭২, ২০০৩ সালে সংশোধিত, কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রম, দায়দায়িত্ব এবং জবাবদিহিতার বিষয়গুলো সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে এটিকে আরও বেশি স্বায়ত্তশাসন দিয়েছে।”
তিনি বলেন, “সরকারের আগাম অনুমোদন না নিয়েই এখন বাংলাদেশ ব্যাংক যেকোনো বিধিবিধান জারি করতে পারে। আর্থিক খাতে শৃঙ্খলা বজায় রাখতে কোন ধরনের মুদ্রানীতি নিতে হবে সে ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংক এখন নিজে থেকেই সিদ্ধান্ত নিতে পারে।”
“এসব কিছুই বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন বাড়ার পরিচায়ক। কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন একটি অব্যাহত প্রক্রিয়া এবং সময়ের সাথে সাথে এটি আরও বাড়বে।”
টেলিকম, জ্বালানি ও বিদ্যুৎ, টেক্সটাইল, সেবা এবং রাসায়নিক খাতকে বিদেশি বিনিয়োগ আকর্ষণের সম্ভাবনাময় খাত হিসেবে উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংক গভর্নর বলেন, “আমাদের আরও একটি চ্যালেঞ্জ হচ্ছে বৈদেশিক সাহায্যকে বিনিয়োগে রূপান্তরিত করা।”
অন্যান্য চ্যালেঞ্জের মধ্যে গভর্নর সরকারের কর্মসূচিতে শীর্ষে থাকা দারিদ্র্য মোকাবেলাসহ কোটা পরবর্তী সময়, বিশ্ব অর্থনীতিতে স্থবিরতা, আন্তর্জাতিক বাজারে তেলসহ বিভিন্ন জিনিসের মূল্য বৃদ্ধি, গার্মেন্টস খাত এবং রাজনৈতিক অস্থিরতার বিষয়টি উল্লেখ করেন।
‘রাজনৈতিক বিবেচনা থেকে গভর্নর নিয়োগ দেওয়া হয়ে থাকে’-এ ধরনের দৃষ্টিভঙ্গির বিষয়টি খারিজ করে দিয়ে তিনি বলেন, “রাজনৈতিক বিবেচনা থেকে গভর্নর নিয়োগ দেওয়া হয় না। পেশাগত অবস্থান এবং দক্ষতার বিবেচনায় নিয়োগ দেওয়া হয়ে থাকে।”
তিনি বলেন, “বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ রাজনৈতিক পরিবর্তনের কারণে পরিবর্তিত হয় না।”
সরকারের উন্নয়ন ব্যয় এবং প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের এই পরিস্থিতির মধ্যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে তাঁর কৌশল সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আমরা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। পরিস্থিতির প্রয়োজনে আমরা যেকোনো ধরনের নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নিতে পারি।”
