২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ডলারের দাম বাড়িয়েছে

বেসরকারি ব্যাংকগুলোর ডলার বিনিময় হারের সঙ্গে সমন্বয়ের জন্য রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো সোমবার টাকার বিপরীতে ডলারের দাম ৫০ পয়সা বাড়িয়ে ৭০ দশমিক ৯৭ টাকা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2006, 12:45 AM

Updated : 26 Apr 2022, 04:07 PM

আমদানিকারকদের কাছ থেকে ডলারের ক্রমবৃদ্ধিমান চাহিদার প্রেক্ষিতেই এই ব্যবস্থা।

অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবু নাসের বখতিয়ার এ প্রসঙ্গে বলেন, “বেসরকারি ব্যাংকের দামের সঙ্গে সমন্বয় করার জন্যই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি বলেন, “বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ডলার বিনিময় হারের মধ্যে প্রায় ৩ টাকার মতো ব্যবধান ছিল।”

এখন ওই ব্যবধান এক টাকার কম জানিয়ে তিনি বলেন, “প্রয়োজন হলে ব্যাংকগুলো ডলারের মূল্য সমন্বয় অব্যাহত রাখবে।”

সূত্র জানায়, সোনালী ও অগ্রণী ব্যাংক আমদানিকারকদের জন্য ডলারের বিনিময় মূল্য ৭০ দশমিক ৯৭ টাকা নির্ধারণ করেছে। আগের দিন রোববার তা ছিল ৭০ দশমিক ৪৭ টাকা। এছাড়া রপ্তানিকারক ও বৈদেশিক মুদ্রা প্রেরণকারীদের জন্য ডলারের বিনিময় মূল্য সংশোধন করে ৬৯ দশমিক ৯৭ টাকা করা হয়েছে। রোববার তা ছিল ৬৯ দশমিক ৪৭ টাকা।

এর আগে ৩০ নভেম্বর রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো গ্রাহকদের জন্য ডলারের বিনিময় মূল্য এক টাকা বাড়িয়েছিলো।

এদিকে আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রা বাজারেও ডলারের দাম বেড়েছে। ব্যাংকগুলো সোমবার ৭০ দশমিক ৩০ টাকা থেকে ৭১ টাকায় ডলার লেনদেন করেছে। আগের দিন তা ৬৯ দশমিক ৩৫ থেকে ৭০ দশমিক ৩০ টাকায় লেনদেন হয়।

আমদানি ঋণপত্র খোলার জন্য বেসরকারি ব্যাংকগুলো ৭২ দশমিক ৯০ থেকে ৭০ দশমিক ৫০ টাকার মধ্যে ডলার বিক্রি করেছে। অন্যদিকে বিদেশি ব্যাংকগুলো ৭১ দশমিক ২৫ থেকে ৭০ দশমিক ৭০ টাকার মধ্যে গ্রাহকদের কাছে ডলার লেনদেন করেছে।