২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রীর অভাবে বিমানের ১৫ হজ ফ্লাইট বাতিল

হজ ফ্লাইটে প্রয়োজনীয় যাত্রীর অভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ পর্যন্ত ১৫টি হজ ফ্লাইট বাতিল করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2006, 07:38 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

বিমানের একটি সূত্র জানায়, যাত্রী সঙ্কটের কারণে বিমান রোববার ও সোমবার কোনো হজ ফ্লাইটই চলবে না।

নাম প্রকাশে অনিচ্ছুক বিমানের এক দায়িত্বশীল কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কয়েকটি হজ এজেন্সি মৌসুমের আগেই সৌদি আরবে বাসা ভাড়া না নেওয়ায় দেশটির সরকার হজ পালনে ইচ্ছুক প্রচুর বাংলাদেশী নাগরিককে ভিসা দেয়নি। এ কারণে হজ ফ্লাইট চালানোর জন্য সব ধরনের প্রস্তুতি থাকা সত্ত্বেও প্রতি ফ্লাইটে যাত্রী সঙ্কটের কারণে বিমানকে লোকসান দিতে হচ্ছে।

বিমান সূত্র জানায়, এ বছর হজ ফ্লাইটে বিমানের মোট ৩২ হাজার ৩৭৪ জন যাত্রী পরিবহন করার কথা। এর জন্য নির্ধারিত বোয়িং ৭৪৭ ও ডিসি-১০ এর মোট আসন সংখ্যা যথাক্রমে ৫৮০ ও ৩০১।

হজ ফ্লাইটে দিনে এ দুটি উড়োজাহাজ ব্যবহার করলে শুধু টিকেট বিক্রি বাবদ রোববার ও সোমবার আয় হতো অন্তত দেড় কোটি টাকা বা ২১ লাখ ১৪ হাজার ৪০০ ডলার (খোলা বাজারে রোববার ডলারের দর ছিল ৭০ টাকা ২০ পয়সা)।

বিমানের হজ ফ্লাইট চালু হয় ২৬ নভেম্বর। শেষ হবে ২২ ডিসেম্বর।

সূত্র জানায়, যাত্রী সঙ্কটের কারণে হজ ফ্লাইটে বিমান কোনোভাবেই ২৪ হাজারের বেশি যাত্রী পাবে না। অর্থাৎ প্রায় আট হাজার আসন ফাঁকা যাবে।

এ বছর বিমান জনপ্রতি ১ হাজার ২০০ মার্কিন ডলারের বিনিময়ে হজ যাত্রী পরিবহন করছে। সে হিসেবে শুধু টিকেট বাবদই বিমানের ৬৭ কোটি ৩৯ লাখ ২০ হাজার টাকা লোকসান হবে বলে সূত্র আরও জানায়।

এ বছর মোট ৪৫ হাজার বাংলাদেশীর হজ পালন করার কথা। এরমধ্যে সৌদিয়া ১২ হাজারের বেশি হজ যাত্রী পরিবহন করছে। গত বছর বিমান ২৫ হাজার হজ যাত্রী পরিহন করে। জনপ্রতি ভাড়া ছিল এক হাজার ৫০ ডলার।