চট্টগ্রাম বন্দরে পণ্য জট, গুদাম হিসেবে ব্যবহারের অভিযোগ
বন্দরকে গুদাম হিসেবে ব্যবহার করায় বন্দরের পণ্য খালাসের জন্য জায়গার অভাবের পাশাপাশি পণ্য জট সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেছে চট্টগ্রাম কাস্টম বিভাগের এক শীর্ষ কর্মকর্তা।
তবে এ অভিযোগ অস্বীকার করে পণ্য খালাস না হওয়ার পেছনে কাস্টম বিভাগকেই দায়ি করেছেন আমদানিকারকদের এক প্রতিনিধি।
চট্টগ্রাম কাস্টম কমিশনার ফরিদ উদ্দিন জানান, ২০০৫ সালের জুলাই থেকে ২৩ নভেম্বর ২০০৬ পর্যন্ত ১৭ মাসে কাস্টমের হিসেব অনুযায়ী ৩৯৫২টি আমদানি করা চালানের মালামাল বন্দর থেকে খালাস করা হয়নি। এর মধ্যে আমদানি করা গাড়ির চালানের সংখ্যা সবচেয়ে বেশি, ১৭৯৩টি।
বন্দর থেকে এ সময়ে খালাস না করা মালামালের চালানের মধ্যে উল্লেখযোগ্য হলো মেশিনারি চালান ২৮৬টি, খাদ্যসামগ্রীর ২৭২টি, কেমিক্যাল খাতে ১৫৭টি এবং প্লাস্টিক খাতে ১৪৬টি।
আমাদানি করা মাল খালাস প্রসঙ্গে তিনি ক্ষোভের সঙ্গে বলেন, “বেশ কিছু আমদানিকারকের দায়িত্বহীন এসব কর্মকাণ্ড চলতে থাকলে; পুরো চট্টগ্রামকে পোর্ট বানালে বন্দরের পণ্য জট কাটবে না।”
এসব চালানের বেশ কিছু নিলামের মাধ্যমে খালাস করা হয়েছে উল্লেখ করে ফরিদ উদ্দিন বলেন, “এটা কোনো ভালো পদ্ধতি নয়।”
কাস্টম সূত্র জানায়, আইন অনুযায়ী আমদানি করা পণ্য ৩০ দিনের বেশি বন্দরে পড়ে থাকলে কাস্টম হাউজ থেকে আমদানিকারককে নোটিস দেওয়া হয়। এরপর পরবর্তী প্রক্রিয়া হিসেবে খালাস না করা পণ্যের চালান নিলামে ওঠানো হয়।
এক্ষেত্রে অবশ্য পার্শ্ববর্তী দেশগুলোর বন্দরে আমদানি করা পণ্য রাখার সর্বোচ্চ নির্ধারিত সময় আরও কম। যেমন, হংকং বন্দরে আমদানি করা পণ্য রাখার সর্বোচ্চ সময় মাত্র ১৪ দিন।
তবে এ ব্যাপারে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) বন্দর কমিটির আহ্বায়ক মাহবুব চৌধুরী ভিন্নমত প্রকাশ করে বলেন, কাস্টম বিভাগের নিলামকেন্দ্রীক সিন্ডিকেট ও দুর্নীতির কারণে আমদানি করা পণ্য দ্রুত খালাস হয় না।
তিনি বলেন, অনেক সময়ই পণ্য আমদানির পথে নষ্ট হলে বা খোয়া গেলে আমদানিকারকরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েন। সেজন্য তারা পণ্য খালাস করেন না।
মাহবুব চৌধুরী কাস্টম কমিশনারের বক্তব্যের বিরোধিতা করে বলেন, বন্দরের ভেতরে যেসব জায়গা অব্যবহৃত রয়েছে, তার সঠিক ব্যবহার হলে আগামীতে কোনো পণ্য জট থাকবে না।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমসহ বিভিন্ন পক্ষ থেকে দীর্ঘদিন ধরে অভিযোগ করা হচ্ছে, অধিকাংশ বেসরকারি আমদানিকারক বন্দরকে গুদাম হিসেবে ব্যবহার করছেন। পণ্যের গুদাম খরচ ব্যয়বহুল বলে তারা বন্দরকে এভাবে ব্যবহার করতে চান। গত বছরের তুলনায় এ সঙ্কট খানিকটা হ্রাস পেলেও গাড়ি আমদানিকারকরা একইভাবে বন্দর ব্যবহার করে চলছেন।
