মিউচুয়াল ফান্ড আইন মেনে চলতে দুটি সংস্থাকে এসইসির নির্দেশ
মিউচুয়াল ফান্ড ইস্যুকারী দুটি সংস্থাকে ২০০১ সালে প্রণীত আইন মেনে চলার নির্দেশ দিয়েছে সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
মিউচুয়াল ফান্ডের বর্তমান নিয়ম না মেনে নিজস্ব আইনে ফান্ড পরিচালনা করায় এই নির্দেশ দেওয়া হয়।
সংস্থা দুটি হলো আইসিবি ও বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা (বিএসআরএস)।
নতুন নিয়মের আওতায় মিউচুয়াল ফান্ড ইস্যুকারীকে প্রতিটি শেয়ারের বিপরীতে সম্পদের নিট মূল্য প্রতি মাসে এসইসিকে জানানোর বিধান থাকলেও এই সংস্থা দুটি নয়টি ফান্ডের ক্ষেত্রে নিয়মিতভাবে এই প্রতিবেদন দাখিল করেনি।
এসইসির নির্দেশনায় মিউচুয়াল ফান্ড আইন ২০০১ এর ৯১ (২) ধারার উল্লেখ করা হয়, এর আগে যত মিউচুয়াল ফান্ড হয়েছে তার সবগুলোই নতুন আইনের আওতায় পরিচালিত হবে।
উভয় সংস্থাই ওই আইন প্রণীত হওয়ার আগে ১৯৮০ থেকে ১৯৯৭ সালের মধ্যে এই ফান্ডগুলো ইস্যু করে। এদের যেসব ফান্ড নিজস্ব নিয়মে চলছে সেগুলো হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম আইসিবি এবং প্রথম বিএসআরএস মিউচুয়াল ফান্ড।
এ প্রসঙ্গে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক খন্দকার বলেন, “২০০১ সালে নতুন আইন প্রণয়নের আগেই আমরা নিজস্ব নিয়মের আওতায় এগুলো ইস্যু করেছিলাম। এরপরের সবগুলো শর্ত পূরণ করেই ইস্যু করা হয়েছে।”
তবে ওই আইনের ৯১ ধারার ১ উপধারায় ১৯৯৭ সালে প্রণীত মিউচুয়াল ফান্ড বিধান রহিত করা হয়েছে। ২ উপধারায় বলা আছে, ১৯৯৭ সালের বিধান অনুসারে ইস্যু করা মিউচুয়াল ফান্ডগুলো এখন থেকে ২০০১ সালের আইন অনুসারে পরিচালিত হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এসইসির এক কর্মকর্তা বলেন, “এটি তাদের জন্য একটি সতর্কবার্তা। আমরা তাদের নিয়ম মেনে চলার নির্দেশ দিয়েছি।”
আইসিবি ও শিল্প ঋণ সংস্থাকে গত নভেম্বর মাসে এ সংক্রান্ত নির্দেশনা আলাদাভাবে জারি করা হয়েছে।
