পোশাক শিল্পের ক্ষতি কাটাতে শুধু প্রশাসনিক পদক্ষেপ যথেষ্ট নয়: আকবর আলী
চলতি রাজনৈতিক সঙ্কটের কারণে রপ্তানিমূখী তৈরি পোশাক শিল্পের ক্ষতি কাটিয়ে উঠতে শুধু প্রশাসনিক পদক্ষেপ যথেষ্ট নয়।
বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আয়োজিত মাসব্যাপি ১২তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. আকবর আলী খান শনিবার সকালে এ কথা বলেছেন।
রাজনৈতিক সঙ্কটের কারণে অর্থনীতির ক্ষতি কাটাতে কিছু প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেন, ইতোমধ্যে বাণিজ্য সচিবের নেতৃত্ব একটি কমিটি কাজ শুরু করেছে। কিন্তু শুধু এর মাধ্যমে সঙ্কট উত্তোরণ সম্ভব নয়।
বাংলাদেশ নিটওয়ার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)’র সভাপতি ফজলুল হকও অর্থ উপদেষ্টার বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমরা জানি প্রশাসনিক পদক্ষেপে সব সঙ্কট দূর করা সম্ভব নয়। তবে তিনি বলেন, সার্বক্ষনিকভাবে চট্টগ্রাম বন্দর চালু রাখা এবং অন্তত নির্দিষ্ট সময়ে বিশেষ করে রাতে পুলিশী নিরাপত্তায় শিপিং কার্গোগুলো ঢাকা থেকে বন্দরে নেয়ার ব্যবস্থা করার প্রয়োজনীয় প্রশাসনিক উদ্যোগ নেওয়া উচিত।
এদিকে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)’র সভাপতি এসএম ফজলুল হক বলেছেন, সোমবার বৈঠকে বসে সমস্যাগুলোর সমাধানে কি কি প্রশাসনিক উদ্যোগ নেয়া যায় সে বিষয়ে আলোচনা করা হবে।
অতীত ও বর্তমানের রুগ্ন শিল্পের জন্য নেয়া ব্যাংক ঋণ সহজ শর্তে পূনতফসিল ও কাস্টম ডিমান্ড জারি নমনীয় করার দাবি জানিয়ে তিনি বলেন, এটা করা না হলে আগামি মাসের প্রথম সাত দিনের মধ্যে অনেক প্রতিষ্ঠানই শ্রমিকদের বেতন দিতে পারবে না।
তিনি আরো বলেন, বেতন না দেওয়া নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিলে তার দ্বায়িত্ব পোশাক মালিকরা নেবেন না।
পোশাক শিল্পের সমস্যা সমাধানে গত সপ্তাহের শেষে বাণিজ্য সচিব ফিরোজ আহমেদের নেতৃত্ব ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, অর্থমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের এক সদস্য, বিজিএমইএ ও বিকেএমইএ সভাপতি।
গত ২৮ নভেম্বর বিজিএমইএ সভাপতি এসএম ফজলুল হকের নেতৃত্ব এবং ৩০ নভেম্বর বিকেএমইএ সভাপতি ফজলুল হকের নেতৃত্ব দু’টি প্রতিনিধি দল উপদেষ্টা ড. আকবর আলী খানের সঙ্গে দেখা করে রাজনৈতিক সঙ্কটের সময়ে পোশাক শিল্পের মাল পরিবহন, চট্টগ্রাম বন্দর সার্বক্ষনিক চালু রাখা, ছুটির দিনগুলোতে ব্যাংক ও কাস্টমস চালু রাখা এবং নতুন ও পুরনো রুগ্ন শিল্পের জন্য ব্যাংক ঋণের দাবি জানিয়েছিলেন।
