২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশেষজ্ঞদের অভিমত: ভারতের শুল্ক ছাড় প্রস্তাবে বাংলাদেশের তেমন উপকার হবে না

স্বল্পোন্নত দেশগুলো থেকে পণ্য আমদানির ক্ষেত্রে ভারতের নতুন শুল্ক ছাড় প্রস্তাব সেদেশে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধিতে তেমন ভূমিকা রাখবে না। দেশের বাণিজ্য বিশেষজ্ঞরা এ অভিমত দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রফিক জামান, নিজস্ব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2006, 07:38 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

স্বল্পোন্নত দেশগুলো থেকে পণ্য আমদানির ক্ষেত্রে ভারতের নতুন শুল্ক ছাড় প্রস্তাব সেদেশে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধিতে তেমন ভূমিকা রাখবে না। দেশের বাণিজ্য বিশেষজ্ঞরা এ অভিমত দিয়েছেন।

ভারত নেতিবাচক স্পর্শকাতর তালিকার বাইরের সব পণ্য স্বল্পোন্নত দেশগুলো থেকে আমদানির ক্ষেত্রে পাঁচ বছরের জন্য কোটামুক্ত ও শুল্ক ছাড়ের সুবিধা সম্বলিত একটি নতুন প্রস্তাব ঘোষণা করতে যাচ্ছে বলে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে সেখানকার সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের এ প্রস্তাব অনুসারে সাফটা চুক্তির আওতাভুক্ত ৭৭৬টি নেতিবাচক ও স্পর্শকাতর পণ্য বাদে বাকিগুলো ভারতে রপ্তানির ক্ষেত্রে স্বল্পোন্নত দেশগুলো আগামি বছর থেকে বিশেষ শুল্ক ছাড়ের সুবিধা পাবে এবং ধাপে ধাপে ২০১২ সাল নাগাদ শুল্ক একেবারেই উঠে যাবে। এর সুফল বেশি পাবে সার্কভুক্ত এবং আশিয়ান মুক্ত বাণিজ্য অঞ্চলের বাইরের স্বল্পোন্নত দেশ ও আফ্রিকা অঞ্চল। সাফটা চুক্তির বাইরে দক্ষিণ এশিয়ার স্বল্পোন্নত দেশগুলোর জন্য বাড়তি আর কোন সুবিধা থাকছে না নতুন এ প্রস্তাবে।

বিশ্বের মোট ৫০টি স্বল্পোন্নত দেশের মধ্যে ৩৫টির অবস্থান সাব সাহারা আফ্রিকা অঞ্চলে। এশিয়ায় এমন দেশ ১০টি।

বিআইডিএস গবেষণা পরিচালক জায়েদ বখত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শুক্রবার বলেন, “ভারতের এই নতুন প্রস্তাবে বাংলাদেশ কতটা উপকৃত হবে তা নির্ভর করে পণ্যের আওতা ও রুলস অফ অরিজিন লেভেলের ওপর।”

তিনি বলেন, “পণ্যের আওতা বাড়ানো বা রুলস অফ অরিজিনের মাত্রা কমিয়ে আনতে না পারলে নতুন এই সুবিধা বাংলাদেশের পণ্য রপ্তানিতে কোন ইতিবাচক প্রভাব ফেলবে না।”

ইউরোপে শুল্কমুক্ত সুবিধা পেয়েও বাংলাদেশ অপ্রচলিত পণ্য রপ্তানি বাড়াতে পারছে না উল্লেখ করে তিনি জানান, “আঞ্চলিক বৈশিষ্টের কারণে ইউরোপ বা আমেরিকার পণ্যের সঙ্গে এশিয়ার পণ্যের গুনগত পার্থক্য রয়েছে।”

“চীন, ভারত ও কোরিয়া সম্প্রতি প্রতিদ্বন্দ্বী বিভিন্ন দেশের জন্য তাদের বাজার উন্মুক্ত করে দিতে রাজি হয়েছে। বাংলাদেশসহ এশিয়ার অন্যান্য স্বল্পোন্নত দেশ এর সুযোগ নিয়ে তাদের বাজার সম্প্রসারণ করতে পারে।”

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাফটা চুক্তির নেতিবাচক পণ্যের তালিকা বহাল রাখা হলে ভারতের দেওয়া এই শুল্ক সুবিধা বাংলাদেশের জন্য কোন সুফল বয়ে আনবে না।”

নতুন প্রস্তাবের ফলে আফ্রিকাসহ অন্যান্য অঞ্চলের বেশকিছু স্বল্পোন্নত দেশ লাভবান হবে বলে তিনি জানান।

দোহা রাউন্ড বাণিজ্য সমঝোতায় দরকষাকষির সুযোগ ধরে রাখতে এবং যুক্তরাষ্ট্র সরকারের সম্ভাব্য চাপ মোকাবেলায় জিএসপি সুবিধার আওতায় সেদেশে (আমেরিকা) বাণিজ্য টিকিয়ে রাখতে ভারত স্বল্পোন্নত দেশগুলোর জন্য কোটা ও শুল্কমুক্ত সুবিধা ঘোষণা করতে যাচ্ছে বলে বিশেষজ্ঞরা জানান।

প্রতিদ্বন্দ্বী অর্থনৈতিক শক্তি চীনের সঙ্গে সামঞ্জস্য রেখে ভারতও বিশেষ করে আফ্রিকার স্বল্পোন্নত দেশগুলোর জন্য কোটা ও শুল্কমুক্ত সুবিধা ঘোষণার এ উদ্যোগ নিতে যাচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি চীন আফ্রিকার দরিদ্র দেশগুলোর জন্য আর্থিক সাহায্য ঘোষণা এবং তার বাজার খুলে দিয়েছে।