রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ডলারের মূল্য কমিয়েছে
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো (এনসিবি) বৃহস্পতিবার গ্রাহকদের জন্য ডলারের দাম এক টাকা কমিয়েছে।
যদিও আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রা বিনিময় বাজারে টাকার বিপরীতে ডলার সামান্য শক্তিশালী হয়েছে।
এদিন রাষ্ট্রায়ত্ত তিনটি বাণিজ্যিক ব্যাংক সোনালী, অগ্রণী ও জনতা শুধুমাত্র আমদানি ঋণপত্র খোলার জন্য গ্রাহকদের কাছে ৭০ টাকা ৪৭ পয়সায় ডলার বিক্রি করেছে। আগের দিন বুধবার তা ছিল ৭১ টাকা ৪৭ পয়সা।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ডলারের ক্রয় মূল্য আগের দিনের ৭০ টাকা ৪৭ পয়সা থেকে কমিয়ে ৬৯ টাকা ৪৭ পয়সা করেছে।
আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রা বিনিময় বাজারে বৃহস্পতিবার ব্যাংকগুলো ৬৯ টাকা ৭৫ পয়সা থেকে ৬৮ টাকা ৩০ পয়সার মধ্যে ডলার কেনাবেচা করেছে। আগের দিন তা ৬৯ টাকা ৫ পয়সা থেকে ৬৮ টাকা ২ পয়সার মধ্যে লেনদেন হয়।
আন্তঃব্যাংক লেনদেনের ক্ষেত্রে দাম বৃদ্ধির বিষয়ে একজন তহবিল ব্যবস্থাপক বলেন, “ব্যাংকিং আওয়ারের মাঝামাঝি সময় আমরা ডলারের চাহিদা বৃদ্ধি পেতে দেখেছি।”
অন্যদিকে বেসরকারি ও বিদেশী ব্যাংকগুলো আমদানি ঋণপত্র খোলার জন্য যথাক্রমে ৭০ টাকা থেকে ৭২ টাকা ৬৫ পয়সা এবং ৬৯ টাকা থেকে ৬৯ টাকা ৫০ পয়সায় ডলার বিক্রি করেছে।
