অবশেষে সচল হলো চট্টগ্রাম বন্দরের সিসিটি
টানা ১৭ দিন অচল থাকার পর চট্টগ্রাম বন্দরের সিসিটিতে (চিটাগাং কনটেইনার টার্মিনাল) বুধবার রাতের পালা থেকে কাজ শুরু হয়েছে।
নৌ পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে বন্দর কর্তৃপক্ষ বিবদমান দুপক্ষ বন্দর ডক সিবিএ এবং সিসিটি অপারেশনের দায়িত্বে থাকা বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেকের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেয়।
সিদ্ধান্ত অনুযায়ী বন্দরের নিজস্ব অপারেটর দিয়ে আপাততঃ ১১টি ক্রেনবিহীন (গিয়ারলেস) জাহাজের কনটেইনার খালাস করা হবে। সাইফ টেক এ সিদ্ধান্ত মেনে নিয়েছে।
বন্দর সচিব ফরহাদ উদ্দিন রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিজিএমইএসহ আমদানিকারকদের বিপুল আর্থিক ক্ষতি বিবেচনা করে শুধুমাত্র বন্দরে অবস্থান করা ১১ টি গিয়ারলেস জাহাজের কনটেইনার নিজস্ব অপারেটর দিয়ে খালাসের সিদ্ধান্ত হয়েছে। এসব জাহাজে সাইফ পাওয়ার টেকের অপারেটররা কাজ করবেন না।”
বন্দর সচিব বলেন, “শুধুমাত্র ১১টি গিয়ারলেস জাহাজেই নিজস্ব অপারেটর দিয়ে কাজ করা হবে। পরের বিষয়টি পরে দেখা যাবে।”
এর আগে বিকাল ৫ টা থেকে সন্ধ্যা পৌণে ৭ টা পর্যন্ত নৌ সচিব শেখ এনায়েত উল্লাহ ও বন্দর চেয়ারম্যান মোসলেহ উদ্দিনসহ উর্দ্ধতন কর্মকর্তারা চিটাগাং চেম্বার, বিজিএমইএ ও বাংলাদেশ শিপিং এজেন্টস অসোসিয়েশন নেতৃবৃন্দের সঙ্গে সিসিটির অচলাবস্থা নিয়ে বৈঠক করেন।
বৈঠকে চট্টগ্রাম চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি এস এম নুরুল হক সিসিটি দীর্ঘদিন অচল থাকায় ব্যবসায়ীদের বিপুল ক্ষতি বিবেচনা করে অস্থায়ী ভিত্তিতে হলেও বন্দরে অপেক্ষমান গিয়ারলেস জাহাজগুলো থেকে আমদানি কনটেইনার খালাস করার দেন। প্রস্তাব অনুযায়ী নৌ সচিব রাতের মধ্যেই এ সমস্যা সমাধানের জন্য বন্দর চেয়ারম্যান ও উর্ধতন কর্মকর্তাদের নির্দেশ দেন।
পরে বন্দর কর্তৃপক্ষ সন্ধ্যা ৭ টায় ডক সিবিএ ও সাইফ পাওয়ার টেকের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে ১১ টি গিয়ারলেস জাহাজে নিজস্ব অপারেটর দিয়ে বুধবার রাতের পালা থেকেই কাজ শুরুর ব্যাপারে সমঝোতায় পৌঁছান।
এ ব্যাপারে বাংলাদেশ মাস্টারস স্টিভিডোরস অ্যাসোসিয়েশন চেয়ারম্যান এএইচএম মঞ্জুর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী রাত ৮টার পালা থেকে বন্দরের সিসিটিতে কাজের জন্য শ্রমিক গ্যাং বুকিং দেওয়া শুরু হয়েছে। রাত ১০টা নাগাদ তা চালু হবে।”
এদিকে বন্দরের প্রধান ফটকে বুধবার বিকেলে শ্রমিক সমাবেশে সিটি মেয়র রাতের মধ্যে দাবি না মানা হলে বৃহস্পতিবার বন্দর ভবন ঘেরাও ও বন্দরে সর্বাত্মক ধর্মঘট ডাকার ঘোষণা দেন।
চট্টগ্রাম সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ও ১৪ দল সমর্থিত ডক সিবিএ দীর্ঘদিন ধরে সিসিটিতে নিজস্ব অপারেটর দিয়ে গ্যান্ট্রিক্রেন অপারেশনের দাবি জানিয়ে আসছে।
