পোশাক শিল্পের সঙ্কট কাটাতে কমিটি
তৈরি পোশাক শিল্পের সঙ্কট দূর করতে সরকার মঙ্গলবার সাত সদস্যের একটি তদারকি কমিটি গঠন করেছে।
বিজিএমইএ এর ১৪ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা আকবর আলি খান মঙ্গলবার সাংবাদিকদের বলেন, “কমিটির সদস্যরা প্রতি সপ্তাহে বৈঠকে বসবেন। পর্যালোচনা করে দেখবেন পোশাক রপ্তানিকারকদের সমস্যা। এরপর সে অনুযায়ী, উপদেষ্টার কাছে তারা সুপারিশ করবেন।” প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিএমইএ সভাপতি এসএম ফজলুল হক।
বাণিজ্য সচিব ফিরোজ আহমেদের নেতৃত্বে গঠিত কমিটিতে রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একজন সদস্য, অর্থ মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব, নৌ পরিবহন মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব, বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নর এবং বিজিএমইএ ও বিকেএমইএ এর প্রতিনিধিবৃন্দ।
সভায় বিজিএমইএ নেতৃবৃন্দ সাত দফা দাবি পেশ করেন। দাবিগুলোর অন্যতম বন্দরের কার্যক্রম ২৪ ঘণ্টা চালু রাখা, রুগ্ন শিল্পের পুনর্বাসন এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে সৃষ্ট তৈরি পোশাক শিল্পের সমস্যা চিহ্নিত করা।
উপদেষ্টা বলেন, “রপ্তানিকারকরা বন্দর, কাস্টমস এবং ব্যাংকিং, এই তিনটি খাতে যেসব সমস্যা হয় সেগুলোর ব্যাপারেই সাধারণত সরকারের সহায়তা চেয়ে থাকেন।”
তিনি বলেন, “এরই মধ্যে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে বন্দরে অবস্থিত ব্যাংক এবং কাস্টমস হ্উাসকে ছুটির দিনেও খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে ইতোমধ্যে আমি অর্থ সচিবকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও নির্দেশ দিয়েছি। আমাদের খেয়াল রাখতে হবে যাতে রাজনৈতিক অস্থিরতার কারণে রপ্তানি বাধাগ্রস্ত না হয়। ”
রাজনৈতিক অচলাবস্থার কারণে ক্ষয়ক্ষতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “নিঃসন্দেহে দেশের ক্ষতি হয়েছে। তবে আমাদের রপ্তানিকারকরা সৃজনশীল এবং তারা এই ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন।”
