পাওয়ার গ্রিডের কারণে শেয়ার বাজারে লেনদেন ৮২.১৭%বেড়েছে
পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের (পিজিসিবি) উপর বিনিয়োগকারীদের আগ্রহের কারণে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আগের দিনের তুলনায় ৮২ দশমিক ১৭ শতাংশ বেড়েছে।
অবশ্য রোববার ঢাকা ও চট্টগ্রাম উভয় স্টক এক্সচেঞ্জেই মূল্যসূচকের পতন ঘটেছে।
রোববার পিজিসিবির লেনদেনের মোট পরিমাণ ছিল ২৪ কোটি ৮ লাখ টাকা। লেনদেনের এ পরিমাণ রোববারের মোট লেনদেনের ৪২ দশমিক ২৩ শতাংশ। মোট লেনদেন ছিল ৫৭ কোটি ২ লাখ ১০ হাজার টাকা। মোট শেয়ার লেনদেন হয়েছে ১০ লাখ ২ হাজার ৪৫০ টি। তবে আগের দিনের চেয়ে পিজিসিবির শেয়ারের দাম দশমিক ২১ শতাংশ কমেছে। আগের দিন মূল্য ছিল ২৩৬ টাকা।
পিজিসিবি ৮৬ লাখ ৫৩ হাজার ৪৯৩ টি শেয়ার বাজারে ছাড়ার ঘোষণা দিয়ে রোববার পর্যন্ত মোট ৮৪ লাখ ৭৯ হাজার ৭৫০ টি শেয়ার বিক্রি করেছে।
পিজিসিবির বিক্রয় প্রতিনিধি আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী মো. ইফতিখার-উজ-জামান বলেন, “ভালো শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণের এটি একটি প্রতিফলন। আমরা অত্যন্ত খুশি যে, স্বাভাবিক বাজার পরিস্থিতির মধ্যেই আমরা পিজিসিবির শেয়ার বিক্রি প্রায় শেষ করে এনেছি।”
ডিএসআই এর সার্বিক শেয়ার সূচক রোববার ১৫ দশমিক ০৬ শতাংশ বা ১ দশমিক ১৬ শতাংশ পড়ে দাঁড়ায় ১ হাজার ২৮১ দশমিক ১১।
এদিকে ডিএসইর সাধারণ সূচক ১৬ পয়েন্ট বা দশমিক ১৫ শতাংশ নেমে দাঁড়ায় ১ হাজার ৫৪৪ দশমিক ০৩। এর আগের দিন তা ছিল ১ হাজার ৫৬০ দশমিক ০৩।
আকর্ষণীয় (ব্লু-চিপ) শেয়ারের মূল্য সূচক ১৫ দশমিক ৪৫ পয়েন্ট বা ১ দশমিক ১৪ শতাংশ নেমে ১ হাজার ৩৩৬ দশমিক ৬৪ তে দাঁড়ায়।
আগের দিনে মোট লেনদেন ৩১ কোটি ৩০ লাখ টাকা থাকলেও রোববার মোট লেনদেনের পরিমাণ ৮২ দশমিক ১৭ শতাংশ বেড়ে দাঁড়ায় ৫৭ কোটি ২ লাখ ১০ হাজার টাকা।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) রোববার সার্বিক শেয়ারের সূচক বৃহস্পতিবারের চেয়ে ১ দশমিক ০৯ শতাংশ নেমে যায়। ভালো মানের সিএসই ৩০ এবং বাছাই শেয়ারের সূচক পড়ে যায় যথাক্রমে ১ দশমিক ৪৭ শতাংশ এবং দশমিক ৯৮ শতাংশ।
ডিএসইতে মোট লেনদেন হওয়া ১৯২ টি শেয়ারের মধ্যে রোববার দাম বেড়েছে ৩৮ টির, কমেছে ১৪২ টির এবং স্থিতিশীল রয়েছে ১৭ টি শেয়ারের দাম। সিএসইতে মোট লেনদেন হওয়া ৭৬ টি শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১০ টির, কমেছে ৫৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮ টির দাম।
আকর্ষণীয় (ব্লু-চিপ) শেয়ারের মধ্যে বিওসি বাংলাদেশ, ঢাকা ব্যাংক এবং মুন্নু সিরামিকের শেয়ারের দাম বেড়েছে। বাকি ১৭ টি শেয়ারের দাম আগের দিনের চেয়ে কমে যায়। আকর্ষণীয় শেয়ারের মধ্যে লোকসানের দিক থেকে শীর্ষে ছিল ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা এবং ন্যাশনাল ব্যাংক।
বৃহস্পতিবারের চেয়ে শেয়ারের দাম কমলেও রোববার লেনদেনের দিক থেকে দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিল যথাক্রমে সিটি ব্যাংক এবং ডেসকো। এদের মধ্যে সিটি ব্যাংকের মোট লেনদেন ছিল ২ কোটি ৮৮ লাখ ৫০ হাজার টাকা এবং ডেকসোর লেনদেন ছিল ১ কোটি ৭৮ লাখ ৮০ হাজার টাকা।
দাম বাড়ার দিক থেকে শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে বার্জার পেইন্ট বাংলাদেশ, রহিমা ফুড, মুন্নু ফেব্রিকস। লোকসানের দিক থেকে শীর্ষে থাকা কোম্পানিগুলো হচ্ছে মেঘনা পেট, চিক টেক্স, জিলবাংলা সুগার।
