রুপালী ব্যাংক হস্তান্তরের কাজ ডিসেম্বর নাগাদ শেষ হবে
সরকার রুপালী ব্যাংক হস্তান্তরের কাজ ডিসেম্বর নাগাদ শেষ করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ব্যাংকটির নতুন মালিক আগামী বছরের প্রথম দিন থেকেই প্রতিষ্ঠানটির দায়িত্ব গ্রহণ করতে পারবেন।
নাম প্রকাশ না করার শর্তে বেসরকারীকরণ কমিশনের এক কর্মকর্তা বলেন, “শুধুমাত্র আইন মন্ত্রাণালয়ের ভেটো ছাড়া আমরা সব আনুষ্ঠানিকতা শেষ করে ফেলেছি।”
“আইন মন্ত্রণালয় আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এটা অনুমোদন করবে বলে আমরা আশা করছি।”
বেসরকারীকরণ কমিশন সূত্র জানায়, অর্থ মন্ত্রণালয়, বেসরকারীকরণ কমিশন এবং ব্যাংকটির নতুন মালিকের মধ্যে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সরকার সৌদি যুবরাজ বন্দর বিন মোহাম্মদ বিন আব্দুল রহমানের কাছে ৩৩ কোটি মার্কিন ডলারে রুপালী ব্যাংকের ৬৭ দশমিক ২৬ শতাংশ শেয়ার বিক্রি করতে রাজী হয়েছে।
রুপালী ব্যাংক সূত্র জানায়, মালিকানা হস্তান্তরের ক্ষেত্রে ব্যাংকের প্রধান কার্যালয় ভবন নিয়ে কিছু জটিলতা থাকলেও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় পরিত্যাক্ত সম্পত্তির তালিকা থেকে ভবনটির নাম বাদ দিতে সম্মত হওয়ায় এই জটিলতার নিরসন হয়েছে।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ দেলোয়াার হোসেন বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, তালিকা থেকে আমরা ব্যাংকের প্রধান ভবনের নাম বাদ দিতে সম্মত হয়েছি, কারণ এর আগে ভবনটি ভুলক্রমে তালিকায় অন্তর্ভূক্ত হয়।
বেসরকারীকরণ কমিশন ও অর্থ মন্ত্রণালয় চলতি মাসের প্রথম দিকে জানায়, রুপালী ব্যাংক প্রধান কার্যালয় ভবনটি ১৯৭২ সালে পরিত্যক্ত সম্পত্তি হিসেবে তালিকাভূক্ত হয়েছে।
এর আগে ভবনটির মালিক ছিলো মুসলিম কমার্শিয়াল ব্যাংক অব পাকিস্তান। পরে রুপালী ব্যাংক ১৯৭১ সালে এই সম্পত্তি গ্রহণ করে।
এদিকে সরকারের অবশিষ্ট শেয়ার কেনার জন্য সৌদি যুবরাজ বন্দর আল সৌদের প্রস্তাব অর্থ মন্ত্রণালয় বৃহস্পতিবার পর্যালোচনা করে দেখেছে। মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বাদবাকি ২৬ শতাংশ শেয়ার অতিরিক্ত ১৩ কোটি ডলারের বিনিময়ে ক্রয় সংক্রান্ত প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়। কিন্তু এ ধরণের প্রস্তাব নিয়ে আরো বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে বলে বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়।
