২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিএমইএ এর অবস্থান ধর্মঘট রোববার

সংকটময় রাজনৈতিক পরিস্থিতি থেকে রপ্তানিমূখী শিল্পকে রক্ষার জন্য পোশাক শিল্পের মালিকরা রোবরাব দুপুরে তাদের নিজ নিজ কারখানার সামনে এক ঘন্টার অবস্থান ধর্মঘট করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2006, 07:39 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সভাপতি এস এম ফজলুল হক বৃহস্পতিবার বিকেলে সংগঠনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষনা করে বলেন, বেলা সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে।

এর আগে ফজলুল হকের নেতৃত্ব বিজিএমইএ’র ৩০ সদস্যের একটি প্রতিনিধি দল বিকেল ৪টায় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে দেখা করে তাদের অবস্থান তুলে ধরে স্মারকলিপি জমা দিতে গেলে রাষ্ট্রপতি তাদের সঙ্গে দেখা করেননি। তবে বিজিএমইএ নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্রপতির প্রতিনিধি স্মারকলিপি গ্রহণ করেছেন।

ফজলুল হক বলেন, “ আমাদের সঙ্গে রাষ্ট্রপতি রোববার সাক্ষাত করবেন বলে সময় দিয়েছেন।” পোশাকসহ সব রপ্তানিমূখী শিল্পকে হরতাল ও অবরোধের আওতার বাইরে রাখার জন্য রাজনৈতিক দলগুলোর কাছে দাবি জানিয়ে ফজলুল হক বলেন, নির্বাচনী ইশতেহারে এ ব্যাপারে স্পষ্ট বক্তব্য রাখুন।

তিনি বলেন, এ ব্যাপারে বিজিএমইএ নেতৃবৃন্দ ইতোমধ্যে চারদল ও ১৪ দলের নেতাদের সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছেন।

দেশের ৭৬ শতাংশ বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে দেখা না করা নিয়ে এক প্রশ্নের জবাবে সাবেক বিজিএমইএ সভাপতি টিপু মুন্সী বলেন, “রাষ্ট্রপতি আমাদের সঙ্গে দেখা করলেন না, এটা আমাদের সমস্যা নয় বরং এতে সরকারেরই দীনতা প্রকাশ পেয়েছে।”

রাজনৈতিক সংকটের কারণে পোশাক শিল্পের যে ক্ষতি হবে, তা বহন করার ক্ষমতা মালিকদের নেই বলে উল্লেখ করে বিজিএমইএ নেতৃবৃন্দ বলেন, এর দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।

তারা বলেন, “রাজনৈতিক সংকটে পোশাক শিল্পের ক্ষয়ক্ষতির জন্য আমরা অবিলম্বে সরকারের কাছে ক্ষতিপূরণও দাবি করব।

সংবাদ সম্মেলনে সাবেক বিজিএমইএ সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।