রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো মার্কিন ডলারের বিনিময় মূল্য বাড়িয়েছে
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো গ্রাহকদের জন্য ডলারের বিনিময় মূল্য বৃহস্পতিবার ৫০ পয়সা বাড়িয়েছে। অবশ্য আন্তঃব্যাংক বিনিময় মূল্য স্থিতিশীল রয়েছে।
রাষ্ট্রায়ত্ত তিনটি বাণিজ্যিক ব্যাংকই বুধবার আমদানিকারকদের জন্য মার্কিন ডলারের বিণিময় মূল্য নতুন করে ৭১ দশমিক ৪৭ টাকা নির্ধারণ করেছে। অপরদিকে বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে যথাক্রমে ৭০ দশমিক ৯৭ টাকা ও ৬৯ দশমিক ৯৭ টাকার জায়গায় মার্কিন ডলারের বিনিময় মূল্য ৭০ দশমিক ৪৭ টাকায় পুণঃনির্ধারণ করেছে।
এর আগে মঙ্গলবার রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো ডলারের বিনিময় মূল্য ১ টাকা বাড়িয়েছিলো। তবে বেসরকারী ও বিদেশী ব্যাংকগুলো গ্রাহকদের কাছে বুধবারের মূল্যে ডলার বিক্রি করেছে।
এর আগে রাষ্টায়ত্ত অগ্রণী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আবু নাসের বখতিয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেছিলেন, আমদানিকারক ও বিদেশী মুদ্রা প্রেরণকারীদের উৎসাহিত করা এবং বেসরকারী ও বিদেশী বাণিজ্যিক ব্যাংকগুলোর ডলার বিনিময় মূল্যের মধ্যে সমতা আনার জন্য তারা মার্কিন ডলারের বিনিময় মূল্য সংশোধন করেছেন।
এদিকে আন্তব্যাংক বৈদেশিক মুদ্রা বাজারে বৃহস্পতিবার ব্যাংকগুলো ৭০ দশমিক ৪৫ টাকা থেকে ৭২ দশমিক ৯৫ টাকার মধ্যে ডলার লেনদেন করেছে। বুধবার তা ছিলো ৭০ দশমিক ৪৫ টাকা থেকে ৭২ দশমিক ৯৫ টাকার মধ্যে।
একটি বিদেশী ব্যাংকের তহবিল ব্যবস্থাপক জানান, বৃহস্পতিবার আন্তঃব্যাংক বাজারে ৭২ দশমিক ৭৫ টাকায় ডলারের অধিকাংশ লেনদেন হয়েছে।
