শেয়ার বাজারে চাঙ্গাভাব
রাজনৈতিক সঙ্কট নিরসনের সম্ভাবনা দেখা দেওয়ায় বুধবার টানা তৃতীয় দিনের মতো শেয়ার বাজার ছিল চাঙ্গা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শেয়ার বাজারে বুধবার সার্বিক সূচক ৪ দশমিক ২০ পয়েন্ট বা দশমিক ৩২ শতাংশ বেড়ে এক হাজার ২৯৩ দশমিক ৫৮ থেকে এক হাজার ২৯৭ দশমিক ৭৮ এ উন্নীত হয়।
ডিএসইর সাধারণ সূচক দুই দশমিক ৪৬ পয়েন্ট বা দশমিক ১৫ শতাংশ বেড়ে এক হাজার ৫৫৮ দশমিক ৩৯ এ গিয়ে দাঁড়ায়।
ডিএসই ২০ শেয়ারের সূচক সাত দশমিক ৮০ বা দশমিক ৫৭ শতাংশ বেড়ে এক হাজার ৩৫৩ দশমিক ৯৭ এ দাঁড়ায়। মঙ্গলবার তা ছিল এক হাজার ৩৪৬ দশমিক ১৭।
এসএআর সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শরিফ আতাউর রহমান বলেন, “রাজনৈতিক অচলাবস্থার নিরসন হতে যাচ্ছে বলে আমরা আশা করছি।”
তিনি বলেন, “বাজারের ভালো মানের শেয়ারগুলো ভালো করছে।”
বুধবার ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ছিল ৪৩ কোটি ৬০ লাখ ২০ হাজার টাকা। আগের দিনের লেনদেন ছিল ৫৪ কোটি ২৭ লাখ ৭০ হাজার টাকা।
লেনদেনকৃত মোট ১৯৫টি শেয়ারের মধ্যে ৭৫টির দাম বাড়ে, দাম কমে ৯৬টির এবং ২৭টি শেয়ারের দাম অপরিবর্তিত থাকে।
আগের দিনের চেয়ে বুধবারে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) চাঙ্গাভাব লক্ষ্য করা গেছে। সিইসির সার্বিক শেয়ারের সূচক দশমিক ৪৭ শতাংশ এবং সিএসই ৩০ শেয়ারের সূচক দশমিক ৯০ শতাংশ উন্নীত হয়।
সিএসইর বাছাইকৃত শেয়ারের সূচক দশমিক ৩৩ শতাংশ বেড়ে যায়। মোট লেনদেন হওয়া শেয়ারের মধ্যে সিএসই শেয়ার বাজারে দাম বাড়ে ৩৫টির, দাম কমে ৩৪টির এবং দাম অপরিবর্তিত ছিল ১২টি শেয়ারের।
ঢাকা স্টক এক্সচেঞ্জে বুধবার লেনদেনের দিক থেকে শীর্ষে ছিল পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) শেয়ার। পিজিসিবির মোট তিন লাখ ৪৫ হাজার ৫০টি শেয়ার মোট সাত কোটি ১৮ লাখ ৫০ হাজার টাকায় লেনদেন হয়। পিজিসিবির শেয়ার তিন দশমিক শূন্য পাঁচ শতাংশ কমে ২৩০ টাকায় লেনদেন হয়েছে।
এছাড়া শেয়ার লেনদেনের দিক থেকে সিটি ব্যাংক, স্কয়ার ফার্মা, ডেসকো, রূপালী ব্যাংক, বেক্সটেক্স এগিয়ে ছিল।
এগুলোর মধ্যে সিটি ব্যাংক, স্কয়ার ও রূপালী ব্যাংকের শেয়ারের দাম যথাক্রমে পাঁচ দশমিক ৫৩ শতাংশ, তিন দশমিক শূন্য এক শতাংশ এবং দুই দশমিক ৭২ শতাংশে উন্নীত হয়।
ডেসকোর শেয়ারের দামও বুধবার দশমিক ৯০ শতাংশ কমে যায়।
সাভার রিফ্রেকটরিজ, সমতা লেদার, সিটি ব্যাংকের শেয়ার সবচেয়ে বেশি লাভ করে। আইসিবি ইসলামিক মিউচুয়াল ফান্ড ও দুলামিয়া কটন লোকসানের দিক থেকে শীর্ষে ছিল।
