চট্টগ্রাম বন্দরের অচলাবস্থা কাটেনি
সিসিটি (চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল) ছাড়া অন্য জেটি ইয়ার্ডগুলোতে পণ্য হ্যান্ডলিংয়ের কাজ হলেও অবরোধের কারণে পণ্য ডেলিভারি বন্ধ থাকায় চট্টগ্রাম বন্দরের অচলাবস্থা এখনো অব্যাহত রয়েছে।
বন্দরের বহির্নোঙ্গরে পড়েছে অর্ধশতাধিক জাহাজের দীর্ঘ সারি।
১৪ দলের পক্ষ থেকে বন্দর কর্তৃপক্ষকে দেওয়া এক স্মারকলিপিতে মঙ্গলবার রাতের মধ্যে নিজস্ব অপারেটর দিয়ে সিসিটির গ্যান্ট্রি ক্রেন অপারেট করা না হলে বুধবার থেকে বন্দরের সব কাজকর্ম বন্ধ করে দেওয়ার যে আলটিমেটাম দেওয়া হয়েছিল তা একদিন পেছানো হয়েছে।
১৪ দলের বিভাগীয় সমন্বয়কারী ও সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বুধবার সকালে নিমতলায় এক সমাবেশে এ প্রসঙ্গে এক ঘোষণায় বলেন, সিসিটি অপারেশনের ব্যাপারে আজকের মধ্যে দাবি পূরণ না হলে বৃহস্পতিবার বন্দর ভবন ঘেরাও করা হবে।
বন্দর সূত্র জানিয়েছে, দাবি পূরণ না হওয়ায় আজও ডক শ্রমিকরা সিসিটিতে কাজে যোগ দেয়নি। ফলে সিসিটিতে অপেক্ষমান দুটি গিয়ারলেস কনটেইনার জাহাজ এক সপ্তাহেরও বেশি সময় অলস বসে আছে এবং এই বহুমুখী টার্মিনাল ইয়ার্ডে কনটেইনার হ্যান্ডলিংও একেবারে বন্ধ রয়েছে। বহির্নোঙ্গরে থাকা এ ধরনের কনটেইনারবাহী আরো চারটি জাহাজ বার্থিংয়ের অপেক্ষায় রয়েছে। আরো তিনটি গিয়ারলেস কনটেইনার জাহাজ আজ ও আগামীকালের মধ্যে বহির্নোঙ্গরে পৌঁছাবে বলে জানা গেছে।
