২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক মাসে সর্বোচ্চ লাভের মুখ দেখেছে পুঁজিবাজার

রাজনৈতিক অচলাবস্থা নিরসনের আশা নিয়ে শুরুর পাশাপাশি মঙ্গলবার মিউচুয়াল ফান্ড, ব্যাংক ও বিদুৎ কোম্পানিগুলোর অবদানের কারণে এক মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে পুঁজি বাজার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2006, 07:28 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

দিন শেষে ঢাকার শেয়ার বাজারের (ডিএসই) সার্বিক শেয়ারসূচক ৩৮ দশমিক শূন্য এক পয়েন্ট বা তিন দশমিক শূন্য দুই শতাংশ বেড়ে দাঁড়ায় ১২৯৩ দশমিক ৫৮ এ।

সাধারণ শেয়ারসূচক ৪০ দশমিক ৩৩ পয়েন্ট বা দুই দশমিক ৬৬ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৫৫৫ দশমিক ৯২ এ।

ডিএসই-২০ এর শেয়ারসূচক ছিল ১৩৪৬ দশমিক ১৭ যা আগের দিনের তুলনায় ২৮ দশমিক ৭১ পয়েন্ট বা দুই দশমিক ১৭ শতাংশ বেশি। এর আগে ৯ নভেম্বর ডিএসইর সাধারণ সূচক ও ডিএসই-২০ সূচক যথাক্রমে ৩০ ও ২০ পয়েন্ট বেড়েছিল।

বাজার বিশ্লেষক মঈন আল কাসেমের মতে কিছুটা সময়ের জন্য রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হওয়ায় শেয়ার বাজারে এর ইতিবাচক প্রভাব পড়েছে। রাজনৈতিক অচলাবস্থা নিরসনের আশায় বিনিয়োগকারীরা পুঁজি বাজারে ভিড় জমাচ্ছেন।

মঙ্গলবার ডিএসইতে সারাদিনে লেনদেনের পরিমাণ ছিল ৫৪ কোটি ২৭ লাখ ৭০ হাজার টাকা। অন্যদিকে সোমবার সারাদিনে লেনদেন হয় ২৫ কোটি ৪৩ লাখ ১০ হাজার টাকা।

ডিএসইতে লেনদেনকৃত ১৯১টি শেয়ারের মধ্যে ১৫৫টির দাম বাড়ে, ২৪টির দাম কমে এবং ১২টির দাম ছিল অপরিবর্তিত।

অন্যদিকে মিউচুয়াল ফান্ড, সেবা ও সম্পত্তি, ব্যাংক, সিমেন্ট ও জ্বালানি খাতের কোম্পানিগুলোর কারণে চট্টগ্রাম শেয়ার বাজারের (সিএসই) সার্বিক শেয়ারসূচক তিন দশমিক ১০ পয়েন্ট বাড়ে।

সিএসই-৩০ এর শেয়ারসূচক দুই দশমিক ৫২ পয়েন্ট এবং সিএসইর নির্বাচিত শেয়ারসূচক দুই দশমিক ৬৫ শতাংশ বাড়ে।

তবে সিরামিক খাত সূচক পাঁচ দশমিক ৪৮ শতাংশ কমে যায়।

সিএসইতে লেনদেনকৃত শেয়ারের মধ্যে ৭২টির দাম বাড়ে, ১৩টির দাম কমে এবং পাঁচটির দাম ছিল অপরিবর্তিত।

গ্রামীণ এক ও এআইএমএস মিউচুয়াল ফান্ডের ব্যবস্থাপক ইওয়ার সাঈদ বলেন, “আমাদের মধ্যে এখন ইতিবাচক মনোভাব কাজ করছে।”

তিনি বলেন, “অনেক কোম্পানির শেয়ার অনেকদিন ধরে তেমনভাবে বিনিয়োগকারীদের মনোযোগ আকর্ষণ করতে পারছিল না। কিন্তু রাজনৈতিক সঙ্কট নিরসনের আশায় এসব শেয়ারেরও দাম বেড়েছে।”

ডিএসইতে মঙ্গলবার সবচেয়ে বেশি দাম বাড়ে পিজিসিবির শেয়ারের। দিন শেষে এর শেয়ারের দাম ১০ দশমিক ৪৭ শতাংশ বেড়ে ২৩৭ দশমিক ২৫ টাকা। এর সাত লাখ ২২ হাজার ৬৫০টি শেয়ারের লেনদেন হয় ১৬ কোটি ২৩ লাখ টাকায়।

শেয়ারের লেনদেনের ক্ষেত্রে তালিকায় শীর্ষে আরও ছিল সামিট পাওয়ার, ডেসকো ও রূপালী ব্যাংক। আগেরদিনের তুলনায় এদের প্রত্যেকটির শেয়ারের দাম বাড়ে।

সবচেয়ে বেশি দাম বাড়ার তালিকায় পিজিসিবির পরেই ছিল মেঘনা পেট ও রূপালী ব্যাংক। সবচেয়ে বেশি লোকসান দেয় রাঙা ফুড, ন্যাশনাল টিউবস ও নর্দান জুট।