২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক অস্থিরতার কারণে ডিএসইতে বিদেশি বিনিয়োগ অনিশ্চিত

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) ডিএসইতে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বেশ গতি সঞ্চার হলেও রাজনৈতিক অস্থিরতার কারণে অক্টোবরের শেষে এসে তা আবার ঝিমিয়ে পড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2006, 06:30 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

শেয়ার বাজারে ১৯৯৬ সালের বিপর্যয়ের আগে বিদেশি বিনিয়োগের পরিমাণ সবচেয়ে বেশি ছিল। কিন্তু এরপর বিদেশি বিনিয়োগকারীরা স্বল্প মেয়াদী পুঁজি তুলে নেওয়ার সুবিধা নিয়ে বিনিয়োগ প্রত্যাহার করলে শেয়ার বাজারে ধস নামে।

পরে ২০০৩ সাল থেকে বিদেশি বিনিয়োগকারীরা আবারও ফিরে আসতে শুরু করে। এরপর ২০০৫-০৬ অর্থবছরে ডিএসইতে সর্বমোট বৈদেশিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৬৮ কোটি ৫৬ লাখ টাকা। আগের বছর এর পরিমাণ ছিল ৪১ কোটি ৯৬ লাখ ১০ হাজার টাকা। ২০০৩-০৪ অর্থবছরে এর পরিমাণ ছিল ১৯ কোটি ৫৭ লাখ টাকা।

ডিএসই সূত্র জানায়, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে সর্বমোট বৈদেশিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৪৫ কোটি ৯৭ লাখ ৮০ হাজার টাকা। এক বছর আগে ওই সময় তা ছিল সাত কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা। অর্থাৎ এক্ষেত্রে এক বছরে প্রবৃদ্ধি হয়েছে ৫০৯ শতাংশ।

কিন্তু অক্টোবর মাসে এর পরিমাণ কমে দাঁড়ায় ১৪ কোটি ৫৪ লাখ টাকা। অর্থাৎ প্রথম চার মাসে বৈদেশিক বিনিয়োগ হয়েছে মোট ৬০ কোটি পাঁচ লাখ ২০ হাজার টাকা। বিশ্লেষকরা বলছেন, দৃশ্যত বিশৃঙ্খল রাজনীতির কারণে বৈদেশিক বিনিয়োগের প্রবৃদ্ধি কমে এসেছে।

ডিএসইর প্রধান নির্বাহী সালাউদ্দিন আহমেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, চলতি অর্থবছরের প্রথম তিন মাসের চিত্র খুব ভালো ছিল। কিন্তু চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে বিদেশি বিনিয়োগকারীরা উৎসাহিত বোধ করছেন না।

উল্লেখ্য, গত কয়েক মাসে নির্বাচনী ব্যবস্থার সংস্কার নিয়ে রাজপথে সহিংস আন্দোলন হয়েছে।

সূত্র জানায়, ডিএসইতে অধিকাংশ বৈদেশিক বাণিজ্য হয় বিশ্বের নেতৃস্থানীয় সম্পদ ব্যবস্থাপক কোম্পানি মেরিল লিঞ্চের মাধ্যমে।

ইউরোপ থেকেও কিছু বিনিয়োগ আসছে। এসব বিনিয়োগের অধিকাংশই হংকং ও সিঙ্গাপুরের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। আর সিটি ব্যাংক এনএ, স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও এইচএসবিসির মতো বিদেশি ব্যাংকের এ দেশীয় শাখাগুলো বিদেশি বিনিয়োগকারীদের তত্ত্বাবধায়ক ব্যাংক হিসেবে কাজ করছে।

সালাউদ্দিন আহমেদ আরও বলেন, বাজারে স্থিতিশীলতা বজায় থাকলে স্থানীয় বাজারে বিদেশি বিনিয়োগের প্রবাহ আরও বাড়তো। এছাড়া এ ধরনের বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে একটি সহায়ক বিনিয়োগ নীতিমালা থাকার প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বিদেশি বিনিয়োগকারীদের নিয়মিত উপস্থিতি দীর্ঘ মেয়াদে পুঁজি বাজার বি¯তৃতিতে সহায়তা করবে বলে আশাপ্রকাশ করে তিনি বলেন, এতে আগামীতে ডিএসই থেকে পুঁজি উত্তোলনের ক্ষেত্রে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য সুযোগ সৃষ্টি করবে।

লঙ্কাবাংলা সিকিউরিটিজের প্রধান নির্বাহী নাসির উদ্দিন চৌধুরী বলেন, শেয়ার বাজারে ইলেকট্রনিক ব্যবস্থা চালু করায় বিদেশি বিনিয়োগ বেড়েছে। এটা বাজারের স্বচ্ছতা নিশ্চিত করতে সাহায্য করেছে বলে তিনি মন্তব্য করেন।

বাজার বিশ্লেষক মঈন আল কাসেম অবশ্য বলছেন, বিদেশি বিনিয়োগকারীরা ডিএসই নিয়ে তেমন আগ্রহী নয়। কেউ কেউ আসছে কেবল কয়েকটি ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে ভালো সম্পর্কের খাতিরে।