২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংকটের দ্রুত নিষ্পত্তি না হলে ব্যবসায়ীদের প্রতিবাদ কর্মসূচি নেওয়ার হুমকি

আলাপ-আলোচনা মাধ্যমে আপসে বিরাজমান রাজনৈতিক সংকট দ্রুত নিরসনের আহবান জানিয়েছে এফবিসিসিআইসহ ১১ ব্যবসায়ী সংগঠন। অন্যথায় সারাদেশের ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হবে বলে হুমকি দিয়েছে তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2006, 07:10 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

আমদানি-রপ্তানিসহ জাতীয় অর্থনীতির বিপর্যয়ের আশংকা মাথায় রেখে ব্যবসায়ী সংগঠনগুলো রাজনৈতিক দলগুলোর প্রতি অবরোধ কর্মসূচী প্রত্যাহারেরও আহবান জানিয়েছে।

১১ ব্যবসায়ী সংগঠন সোমবার এক যৌথ বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলেছে, “রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহম্মেদের কাছ থেকে চলমান রাজনৈতিক সংকটের একটি গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত সমাধান আশা করেছিলেন ব্যবসায়ীরা। কিন্তু অত্যন্ত দু:খের বিষয়, তাঁর কাছ থেকে এখনও আমরা ইতিবাচক কোন সিদ্ধান্ত পাইনি।”

এই সংকট কাটিয়ে উঠতে প্রধান উপদেষ্টার প্রতি তাঁর যথাযথ ক্ষমতা প্রয়োগ করারও আহবান জানান ব্যবসায়ী নেতৃবৃন্দ।

তারা বলেন, অবিলম্বে সংকটের কোন সমাধান না হলে ব্যবসায়ী নেতৃবৃন্দ সারাদেশের ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করে প্রতিবাদ কর্মসূচি নিতে বাধ্য হবেন।

যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন, ইন্টারন্যাশনাল চেম্বার অব কর্মাস সভাপতি মাহবুবুর রহামান, ঢাকা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি এম এ মোমেন, মেট্রোপলিটান চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি লতিফুর রহমান, বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি সভাপতি এসএম ফজলুল হক, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন সভাপতি এমএ আওয়াল, বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি সভাপতি একেএম ফজলুল হক, বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি সভাপতি এসএম সফিউজ্জামান, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রি সভাপতি একে আজাদ, বাংলাদেশ ব্যাংক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন সভাপতি সৈয়দ মঞ্জুর এলাহি এবং চট্টগ্রাম চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি সাইফুজ্জামান চৌধুরী।