রাজনৈতিক অচলাবস্থার প্রেক্ষাপটে করণীয় নিয়ে বিজিএমইএ’র সভা মঙ্গলবার
বর্তমান রাজনৈতিক অচলাবস্থার প্রেক্ষাপটে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) তাদের করণীয় নির্ধারণের জন্য মঙ্গলবার সাধারণ সভায় মিলিত হবে।
এর আগে বিজিএমইএ সভাপতি এস এম ফজলুল হক রোববার সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতি গঠনমূলক ভূমিকা না নিতে পারলে সোমবার থেকে বঙ্গভবনের সামনে অবস্থান নেওয়ার হুমকি দিয়েছিলেন।
এ ব্যাপারে ফজলুল হক সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “রাজনৈতিক অচলাবস্থার প্রেক্ষাপটে করণীয় নির্ধারণে আমাদের সব সদস্যের মতামত নেওয়ার জন্য মঙ্গলবার সাধারণ সভা ডেকেছি।”
তিনি আরো বলেন, “বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে আলোচনা ও সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।”
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল ১১ দফা দাবি আদায়ের জন্য সোমবার থেকে আবারো লাগাতার অবরোধ কর্মসূচি শুরু করেছে। এতে শঙ্কিত হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। ঈদের ছুটি, অবরোধ এবং চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জটের কারণে তৈরি পোশাক শিল্পে গত একমাস ধরে উৎপাদন ব্যহত হচ্ছে।
সাবেক বিজিএমইএ সভাপতি আনিসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “বিজিএমইএ-এর পক্ষ থেকে আমাদের অবস্থান রোবরার তাৎক্ষনিকভাবে জানানো হলেও সাধারণ সদস্যদের সঙ্গে আলোচনার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
বিজিএমইএ সূত্র জানায়, শীতকালীন পোশাক রপ্তানির নতুন মৌসুমকে সামনে রেখে দেয়া অর্ডারের কাজ এখন চললেও অবরোধের কারণে তা ব্যহত হচ্ছে। আর দীর্ঘদিন ধরে অবরোধ চলতে থাকলে রপ্তানিমূখী অনেক শিল্প-প্রতিষ্ঠানের রুগ্ন হয়ে পড়ার আশংকা রয়েছে।
খাতটিকে সব ধরণের রাজনৈতিক কর্মসূচির আওতার বাইরে রাখার জন্য বিজিএমইএ দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে ।
দেশের মোট রপ্তানি আয়ে তৈরি পোশাক শিল্পের অবদান ৭৫ শতাংশেরও বেশি ।
