রাজনৈতিক অচলাবস্থায় শেয়ার বাজারে মূল্যপতন
আবারো অবরোধ কর্মসূচি শুরু হওয়ার একদিন আগে রোববার ঢাকা শেয়ার বাজারে সার্বিক এবং সাধারণ শেয়ারের মূল্য সূচক ১ শতাংশেরও বেশি নেমে যায়।
নির্বাচন কমিশন সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। শনিবারে এ ব্যাপারে উপদেষ্টাদের দু’ দফা বৈঠকেও কোনও সমাধান খুঁজে বের করা সম্ভব হয়নি। ফলে রাজনৈতিক সঙ্কট নিরসনেরও কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না।
প্রধান নির্বাচন কমিশনার, তিন কমিশনার ও কমিশন সচিবকে রোববারের মধ্যে অপসারণ করা না হলে সোমবার থেকে ১৪ দলের লাগাতার অবরোধ কর্মসূচি শুরু হবে।
সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এবং এর চার সদস্যের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের কারণে বিনিয়োগকারীদের আস্থা কমে আসার বিষয়টিও শেয়ার বাজারে প্রভাব ফেলেছে বলে বাজারের সঙ্গে সংশি¬ষ্টরা মনে করেন।
তত্ত্বাবধায়ক সরকার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী এবং কমিশনের চার সদস্যের চুক্তিভিত্তিক নিয়োগ বৃহস্পতিবার বাতিল করে দেয়। এ বছরের শুরুতেই সিদ্দিকীকে তিনবছরের চুক্তিতে নিয়োগ করা হয়েছিল।
তবে রোববারে সিদ্দিকী এবং কমিশনের চার সদস্যকে পুনঃবহাল করা হয়।
এইমস অব বাংলাদেশের নির্বাহী পরিচালক ইওয়ার সাঈদ বলেন, “আমরা স্বস্তি পাচ্ছি না। সোমবার বাজার চালু হবে কি না, এ নিয়ে আমরা উদ্বিগ্ন।”
রোববার দিনের শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক শেয়ারের মূল্য সূচক ২৪ দশমিক ৯৪ পয়েন্ট বা ১ দশমিক ৯৭ শতাংশ কমে ১ হাজার ২৪১ দশমিক ১৫ এ দাঁড়ায়। বৃহস্পতিবারে শেয়ারের সূচক ১ হাজার ২৬৬ দশমিক ১০ ছিল।
ডিএসইর সাধারণ শেয়ারের মূল্য সূচক রোববার ২২ দশমিক ৬১ পয়েন্ট বা ১ দশমিক ৪৮ শতাংশ কমে ১ হাজার ৪৯৯ এ দাঁড়ায়।
রোববার ডিএসই-২০ ভালো মানের শেয়ারের সূচক হ্রাস পায় ৬ দশমিক ১৭ পয়েন্ট বা দশমিক ৪৭ শতাংশ।
বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৯ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার লেনদেন হলেও রোববারে মোট লেনদেনের পরিমাণ কমে ৩০ কোটি ৮১ লাখ টাকায় দাঁড়ায়।
রোববার মোট ১৮৩ টি কোম্পানির শেয়ারের মধ্যে ৩২ টির দাম বাড়ে, ১৩৬ টির দাম কমে এবং ১৫ টির দাম অপরিবর্তিত ছিল।
ডিএসইর প্রধান নির্বাহী সালাউদ্দিন আহমেদ খান বলেন, “বিদ্যমান এ পরিস্থিতিতে বাজারের এ আচরণ স্বাভাবিক।”
রোববার ষষ্ঠ দিনের মতো লেনদেনের শীর্ষে ছিল বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি। কোম্পানিটির শেয়ারের মূল্য রোববার ৪ দশমিক ১১ শতাংশ কমলেও প্রতিটি শেয়ার ২০৯ দশমিক ৭৫ টাকা দরে মোট ৫ কোটি ৯৬ লাখ ৮০ হাজার টাকায় ২ লাখ ৮৩ হাজার ৩০০ টি শেয়ার বিক্রি হয়।
লেনদেনের দিক থেকে দ্বিতীয় স্থানে ছিল ইউসিবিএল এবং এর পরেই যথাক্রমে অবস্থান ছিল রূপালী ব্যাংক, ডেসকো এবং বেক্সটেক্সের।
শেয়ারের মূল্য বৃদ্ধির দিক থেকে শীর্ষে ছিল যথাক্রমে ডেল্টা লাইফ ইন্সুরেন্স, সেন্ট্রাল ইন্সুরেন্স ও এশিয়া প্যাসিফিক ইন্সুরেন্স। সব চেয়ে বেশি লোকসানী প্রতিষ্ঠান ছিল অল টেক্স ইন্ডাস্ট্রিজ, শ্রীপুর টেক্সটাইল এবং পিজিসিবি।
