বঙ্গভবনের সামনে অবস্থান নেওয়ার হুমকি দিয়েছে বিজিএমইএ
রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠতে রাষ্ট্রপতি গঠনমূলক ভূমিকা না নিতে পারলে বিজিএমইএ বঙ্গভবনের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে।
বিজিএমইএ সভাপতি এসএম ফজলুল হক রোববার এক জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বলেন,“আগামী ১২ ঘণ্টার মধ্যে রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক করতে না পারলে আমরা আমাদের ২২ লাখ শ্রমিক এবং তাদের ওপর নির্ভরশীল লোকজনকে নিয়ে রাষ্ট্রপতির কার্যালয়ের সামনে অবস্থান নেব।”
তিনি বলেন, “অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা তাদের ২২ দিনেও অচলাবস্থা নিরসনে কার্যকর কোনও পদক্ষেপ নিতে পারেননি।”
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর সাবেক সভাপতি টিপু মুন্সী এবং আনিসুল হক বক্তব্য রাখেন।
তারা বলেন, রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দেশের বাণিজ্য ও অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে দুই দফা দেশব্যাপী অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল তাদের ১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে তৃতীয়বারের মতো রোববার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে। কিন্তু এর মধ্যে সঙ্কটের কোনও সমাধান হয়নি। সোমবার থেকে আরও একটি অবরোধ কর্মসূচির কথা চিন্তা করে ব্যবসায়ী আতঙ্কিত হয়ে পড়েছেন।
ফজলুল হক বলেন, বর্তমানে প্রায় এক কোটি মানুষ দেশের তৈরি পোশাক খাতের ওপর নির্ভরশীল। এ খাতের কোনও রকম ক্ষতি নিশ্চিতভাবেই তাদের ওপর প্রভাব ফেলবে।
তিনি জোর দিয়ে বলে, “আগামী ১২ ঘণ্টার মধ্যে আমরা একটি সুস্পষ্ট ঘোষণা চাই।”
আনিসুল হক বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে এই শিল্পের কোনও ইউনিট রুগ্ন হয়ে গেলে সেটির দায়ও তত্ত্বাবধায়ক সরকারকেই নিতে হবে। তিনি এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ভাববেন বলেও জানান।
টিপু মুন্সী রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আগমীতে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন তারা যে এ শিল্প খাতকে রাজনৈতিক কর্মসূচির বাইরে রাখে।
