২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডক শ্রমিকদের আন্দোলনে অচল চট্টগ্রাম বন্দর

ডক শ্রমিকদের আন্দোলনের কারণে চট্টগ্রাম বন্দরে গত সোমবার থেকে কন্টেইনার উঠানামার কাজ বন্ধ রয়েছে। ফলে প্রায় অচল হয়ে পড়েছে বন্দর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2006, 07:59 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

এ পরিস্থিতিতে বাংলাদেশ শিপিং এজেন্ট সমিতির সভাপতি ড. পারভেজ সাজ্জাদ আক্তার শনিবার বিকেলে বন্দর চেয়ারম্যান মোসলেহ উদ্দিনের সঙ্গে দেখা করে বন্দর বয়কটের ব্যাপারে ১২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন।

সমিতি এ ব্যাপারে জরুরী পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়ে বাণিজ্য উপদেষ্টা ড. আকবর আলী খানের কাছে একটি চিঠি পাঠিয়েছে।

বন্দর সূত্র জানায়, চট্টগ্রাম বন্দরে সদ্যস্থাপিত ৪ টি গেন্টিক্রেন দিয়ে ২৮ জুন থেকে বেসরকারী ব্যবস্থাপনায় কন্টেইনার উঠানামার কাজ শুরু হয়। সাই পাওয়ারটেক নামের একটি কোম্পানী এ দায়িত্ব পায়। বন্দরের ডক শ্রমিক ইউনিয়নগুলো প্রথম থেকেই এই সিদ্ধান্তের বিরোধীতা করে আসছে। একপর্যায়ে আওয়ামী লীগ সমর্থিত ডক শ্রমিক ইউনিয়ন ১৪ দলীয় জোটের অবরোধ কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে সোমবার বিকেল থেকে বন্দরের গ্যাং বুকিং বন্ধ করে দেয়। এর ফলে কন্টেইনার উঠানামার কাজও পুরোপুরি বন্ধ হয়ে পড়ে।

সূত্র জানায়, বর্তমানে বন্দরের জেটিতে ৮ টি জাহাজ প্রায় সাড়ে চার হাজার টিইউইএস কন্টেইনার নিয়ে নোঙ্গর করে আছে।

বন্দর চেয়ারম্যান সমস্যার সমাধানের জন্য শনিবার বিকেলে ডক শ্রমিক ইউনিয়নের সঙ্গে বৈঠকে বসলেও কোন লাভ হয়নি। তাদের দাবি অনুযায়ী সাই পাওয়ারটেকের সঙ্গে চুক্তি বাতিল না করা পর্যন্ত গ্যাং বুকিং বন্ধ এবং আন্দোলন অব্যাহত থাকবে বলে শ্রমিক নেতৃবৃন্দ জানিয়ে দেন।

এদিকে অপর একটি সূত্র জানিয়েছে ডক শ্রমিকদের এই আন্দোলনের পেছনে চট্টগ্রাম সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীরর সক্রিয় সমর্থণ রয়েছে। চিকিৎসার কারণে তিনি বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন। আর মেয়র না ফেরা পর্যন্ত এই অচলাবস্থা নিরসন সম্ভব নয়।

তবে বন্দর চেয়ারম্যান মোসলেহ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “আমরা যথাসম্ভব চেষ্টা চালাচ্ছি এবং অচিরেই এ অচলাবস্থার নিরসন হবে।”