পঞ্চম দিনের মতো ডিএসইতে পিজিসিবির আধিপত্য
ঢাকার শেয়ার বাজারে (ডিএসই) লেনদেনের ক্ষেত্রে টানা পঞ্চম দিনের মতো আধিপত্য করেছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)।
তবে ডিএসইর সার্বিক শেয়ারসূচক সামান্য কমেছে।
বৃহস্পতিবার দিনের শুরুতে পিজিসিবির শেয়ারের দাম ২০৫ টাকা থাকলেও দিনের শেষে তা ২২০ টাকায় গিয়ে দাড়ায়। কোম্পানীটি ৯ কোটি ৭ লাখ টাকায় মোট ৪ লাখ ২৩ হাজার ৫শ’ ৫০ টি শেয়ার বিক্রি করে লেনদেন তালিকার শীর্ষে ছিলো। তাদের শেয়ারের মূল্য বৃদ্ধির হার ছিলো ৯ দশমিক ৭৩ শতাংশ।
বাজার বিশ্লেষক মঈন আল কাশেম এ ব্যাপারে বলেন, “ অন্য কোম্পানিগুলোর শেয়ারের চেয়ে তাদের শেয়ারের দাম তুলনামূলকভাবে প্রতিযোগিতামূলক। যে কারণে ক্রেতারা পিজিসিবির শেয়ার কেনার পেছনে ছুটছেন।”
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের উৎসাহ পিজিসিবির শেয়ারের মূল্য বাড়াতে ভূমিকা রাখছে বলেও তিনি মন্তব্য করেন।
ডিএসইর সার্বিক শেয়ারসূচক দিনের লেনদেনের শুরুতে ১২৬৮ দশমিক ৯০ শতাংশ থাকলেও দিনের শেষে তা ২ দশমিক ৭৯ পয়েন্ট বা দশমিক ২২ শতাংশ কমে ১২৬৬ দশমিক ১০ পয়েন্টে দাঁড়ায়।
ডিএসই সাধারণ শেয়ারসূচক অবশ্য আগের দিনের ১৫১৪ দশমিক ৯২ পয়েন্ট থেকে ৭ দশমিক ৫১ পয়েন্ট বা ০ দশমিক ৪৯ শতাংশ বেড়ে ১৫২২ দশমিক ৪৪ পয়েন্টে দাঁড়ায়। এছাড়া ডিএসই-২০ ব্লু-চীপ শেয়ারসূচকও বেড়েছে।
ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ কমে ৩৯ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকায় দাড়ায়। আগের দিন এর পরিমাণ ছিলো ৪৪ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকা।
লেনদেনকৃত শেয়ারের মধ্যে ৭১ টির মূল্য বেড়েছে, ৯৩ টির মূল্য কমেছে এবং ৩০ টির মূল্য অপরিবর্তিত ছিল।
লেনদেনের ক্ষেত্রে পিজিসিবির পরেই ছিলো রূপালী ব্যাংক, ডেসকো, পূবালী ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট ও বেক্সটেক্স।
সৌদি যুবরাজ বন্দর বিন মুহম্মদ বিন আব্দুর রহমান আল সৌদির কাছে হস্তান্তরের প্রক্রিয়া পিছিয়ে যাওয়ার খবরে রূপালী ব্যাংকের শেয়ারের দাম কমে যায়। অর্থ মন্ত্রণালয় সকল অমিমাংসিত বিষয় এখনো নিষ্পত্তি করতে না পারায় ব্যাংকটির আনুষ্ঠানিক হস্তান্তর প্রক্রিয়া স্থগিত রয়েছে।
ডেসকো ও হাইডেলবার্গ সিমেন্টের লেনদেন বাড়লেও বেক্সটেক্সের মূল্য পতন ঘটে।
এছাড়া যেসব কোম্পানির শেয়ারের মূল্য বেড়েছে তাদের মধ্যে রয়েছে নর্দান ইন্ডাস্ট্রিজ ও অরমিট সিমেন্ট। অপরদিকে যেসব কোম্পানির শেয়ারের মূল্য কমেছে তাদের মধ্যে আছে রোজ হেভেন বল পেন, রাসপিট ইনস. (বিডি) এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কর্পোরেশন (বিআইএফসি)।
