জিয়ান ঝু বিশ্ব ব্যাংকের নতুন আবাসিক প্রতিনিধি
বাংলাদেশে বিশ্ব ব্যাংকের নতুন আবাসিক প্রতিনিধি হিসাবে নিয়োগ পেয়েছেন জিয়ান ঝু। ২০০৭ সালের ১ ফেব্রুয়ারি থেকে এই নিয়োগ কার্যকর হবে।
বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয় বৃহস্পতিবার খবরটি নিশ্চিত করেছে। চীনা নাগরিক ঝু বর্তমান আবাসিক প্রতিনিধি ক্রিস্টিন আই ওয়ালিকের স্থলাভিষিক্ত হবেন।
বাংলাদেশে সাড়ে তিন বছর দায়িত্ব পালনের পর ওয়ালিক আগামী ১৯ নভেম্বর বিদায় নিচ্ছেন। এর পর ফেব্রুয়ারিতে জিয়ান ঝু দায়িত্ব না নেয়ার আগ পর্যন্ত ব্যাংকের উপদেষ্টা (অপারেশন) আলহোসাইনি তুরে ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।
জিয়ান ঝু ২০০২ সালে পাপুয়া নিউগিনি এবং পশ্চিম এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় এলাকার দ্বীপাঞ্চলের আবাসিক প্রতিনিধি হিসেবে বিশ্ব ব্যাংকে যোগ দেন।
এর আগে তিনি এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রিন্সিপাল ডাইরেক্টর এবং চীনে একই ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
