পিজিসিবির লেনদেনে ঢাকার শেয়ার বাজার চাঙ্গা
পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) এর শেয়ারের মূল্য ১০.৮৬ শতাংশ বৃদ্ধির ধারাবাহিকতায় ঢাকার শেয়ার বাজারে বুধবার লেনদেনে চাঙ্গাভাব ছিলো। কোম্পানিটি চতুর্থ দিনের মতো বাজার নিয়ন্ত্রণ করে।
আগের দিন শেয়ারের মূল্য ১৮৫ টাকা ৭৫ পয়সা থেকে বৃদ্ধি পেয়ে বুধবার ২০৫ টাকায় পৌঁছে পিজিসিবি ছিলো লেনদেন তালিকার শীর্ষে। এ ছাড়া তারা ২২৬.৮১ মিলিয়ন (২২ কোটি ৬৮ লাখ ১০ হাজার টাকা) টাকায় ১১ লাখ ৪৬ হাজারটি শেয়ার বিক্রির রেকর্ড করেছে।
বুধবার ডিএসইর সার্বিক শেয়ার সূচক ছিলো ১২৬৮ দশমিক ৯০ শতাংশ, যা মঙ্গলবার ১২৬৬ দশমিক ০৭০ শতাংশের চেয়ে ২ দশমিক ৮৩ পয়েন্ট বা শূন্য দশমিক ২২ শতাংশ বেড়েছে।
অন্যদিকে ডিএসইর সাধারণ শেয়ারসূচক ছিলো ১৫১৪ দশমিক ৯২ শতাংশ, যা আগের দিন ১৫০৬ দশমিক ০৮ শতাংশের তুলনায় ৮ দশমিক ৮৩ পয়েন্ট বা ০ দশমিক ৫৮ শতাংশ বেড়েছে।
এছাড়া ডিএসই-২০ ব্লু-চীপ শেয়ার সূচক আগের দিন ১৩০৭ দশমিক ২০ শতাংশ থেকে ০ দশমিক ৯৮ পয়েন্ট বা ০ দশমিক ০৭ শতাংশ বেড়ে ১৩০৮ দশমিক ১৯ শতাংশে পৌঁছায়।
তবে ডিএসইর সার্বিক লেনদেনের পরিমাণ আগের দিন ২৫০ দশমিক ৭২ মিলিয়ন টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৪৯ দশমিক ৪৮ মিলিয়ন টাকায় দাঁড়িয়েছে।
লেনদেনকৃত শেয়ারের মধ্যে ৭১ টির মূল্য ঊর্দ্ধমুখী, ৮২ টির মূল্য নিম্নগামী এবং ৩৮টি শেয়ারের মূল্য অপরিবর্তিত ছিলো।
শেয়ার লেনদেনের ক্ষেত্রে পিজিসিবির পরেই ছিলো রূপালী ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কর্পোরেশন (বিআইএফসি)। এদের মধ্যে রূপালী ব্যাংকের শেয়ারের মূল্য হ্রাস এবং হাইডেলবার্গ সিমেন্টের শেয়ার মূল্য বৃদ্ধি পেয়েছে।
এদিনই বাজারে অভিষেক হওয়া বিআইএফসি ১০০ টাকা মূল্যের মোট ১৩ লাখ ৯০ হাজার শেয়ার বাজারে ছেড়েছে।
এছাড়া যেসব কোম্পানির শেয়ারের মূল্য বেড়েছে তাদের মধ্যে রয়েছে পিজিসিবি, মনোস পুল পেপার ও নর্দার্ন ইন্ডাস্ট্রিজ। অপরদিকে যেসব কোম্পানির শেয়ারের মূল্য কমেছে তাদের মধ্যে রয়েছে মিথুন নিটওয়্যার, মেঘনা কনডেন্সড মিল্ক ও রোজ হেভেন বল পেন।
এদিকে বুধবার চট্টগ্রাম শেয়ার বাজারের সকল মূল্যসূচকও বৃদ্ধি পেয়েছে।
