এ সরকারের আমলে জ্বালানির দাম বাড়বে না
অর্থ উপদেষ্টা ড. আকবর আলী খান বুধবার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রস্তাব নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার এ ধরণের রাজনৈতিক স্পর্শকাতর সিদ্ধান্ত নেবে না।
আইএমএফ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে অর্থ, বাণিজ্য, পরিকল্পনা এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা খান বলেন, “আমরা এই মুহূর্তে জ্বালানি তেলের মূল্য বাড়াতে চাই না।”
অর্থ উপদেষ্টার সঙ্গে অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশে আইএমএফ এর আবাসিক প্রতিনিধি জোনাথন সি ডান আইএমএফ দলের নেতৃত্ব দেন।
জ্বালানি পণ্যের নিু মূল্যের কারণে বাংলাদেশের মতো দেশগুলো সামষ্টিক অর্থনীতির ক্ষতি পোষাতে হিমশিম খায়।
রাজনৈতিক অস্থিরতার কারণে অর্থনীতি আরো ক্ষতিগ্রস্থ হচ্ছে বলেও তারা উপদেষ্টাকে জানান।
আকবর আলী বলেন, “জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি একটি স্পর্শকাতর বিষয় এবং তত্ত্বাবধায়ক সরকার এই সিদ্ধান্ত নেবে না।”
অর্থ উপদেষ্টা আইএমএফ প্রতিনিধি দলকে বলেন, “সরকারের আয় ও ব্যয়ের মধ্যে ব্যবধান কমাতে আমরা অভ্যন্তরীণ উৎস থেকে অধিক হারে সম্পদ সংগ্রহের চেষ্টা চালাচ্ছি।”
তিনি বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর লোকসান কাটিয়ে উঠতে আইএমএফ তাকে বাজেট বরাদ্দের অনুরোধ জানায়।
“বিষয়টি ভেবে দেখা হবে বলে আমি তাদেরকে জানিয়েছি” বলেও উপদেষ্টা জানান।
এদিকে আন্তর্জাতিক বাজারে বুধবার অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য ব্যারেল প্রতি ৫৯-৬০ মার্কিন ডলারে উঠানামা করে।
