টাকার বিপরীতে রেকর্ড উচ্চতায় মার্কিন ডলার
মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন বুধবার আগের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। আমদানি মূল্যের চাপ সামাল দিতে কেন্দ্রীয় ব্যাংক “থার্ড কারেন্সি”র মাধ্যমে মুদ্রাবাজার থেকে ডলার উঠিয়ে নেওয়ায় এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়।
টাকার বিপরীতে ডলারের পরিমাণ কমে যাওয়ার কারণে কিছু ব্যাংক বুধবার “থার্ড কারেন্সি” যোগাড় করতে বাধ্য হয়। এতে করে ডলারের বিনিময় মূল্য ৭৩ দশমিক ৫০ টাকায় দাঁড়ায় বলে ব্যাংকিং সূত্রগুলো জানায়।
এদিকে মঙ্গলবার ব্যাংকগুলোর মধ্যে আভ্যন্তরীণ বিনিময় হার ৬৮ দশমিক ৯৫ টাকা – ৭২ দশমিক ৯৫ টাকা থেকে ৬৮ দশমিক ৫০ থেকে ৭২ দশমিক ৯৫ টাকার মধ্যে উঠানামা করে।
একটি বিদেশী ব্যাংকের একজন কর্মকর্তা জানান, “টাকার বিপরীতে ডলারের মূল্য আগের সব সময়ের চেয়ে এখন বেশি। ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত টাকার বিনিময় হার ৭ দশমিক ৮২ শতাংশ কমে যায়।”
কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন সূত্র জানায়, ২০০৬ সালের অক্টোবর থেকে সেপ্টেম্বর পর্যন্ত রেমিটেন্সের (বৈদেশিক মুদ্রার) প্রবাহ কমেছে ১৫ দশমিক ৩ শতাংশ।
ডলারের বিপরীতে টাকার বিনিময় হার কমে যাওয়ার এ হার এ বছরের মার্চের চেয়েও বেশি। চলতি বছরের ২১ মার্চ অস্থিতিশীলতার কারণে আভ্যন্তরীণ ব্যাংকগুলোর মধ্যে ডলারের বিপরীতে টাকার বিনিময় হার ৭২ টাকায় গিয়ে ঠেকে। মার্চ থেকে টাকার বিনিময় কমতে কমতে সেপ্টেম্বরে ৬৬ টাকায় নেমে এলেও পরে আবার বাড়তে থাকে।
কেন্দ্রীয় ব্যাংকের একজন সিনিয়র বৈদেশিক মুদ্রা বিশ্লেষক বলেন, “আমদানি বেড়ে যাওয়ায় এমনটি হয়েছে।” চলতি বছরের নভেম্বরের প্রথম নয় দিনে গত বছরের একই সময়ে তুলনায় পরিশোধের চাপ ২৫ কোটি মার্কিন ডলার বৃদ্ধি পায় বলে তিনি জানান।
এলসি খোলার জন্য আগের দিন ব্যাংকগুলো ৭২ দশমিক ৯৫ থেকে ৭৩ দশমিক ৭০ টাকা এবং ৬৯ দশমিক ৪৭ টাকা থেকে ৭২ দশমিক টাকায় মার্কিন ডলার কেনাবেচা করে।
সূত্র জানায়, কিছু বেসরকারি ব্যাংক মূল্যের চাপ সামলাতে বুধবার ব্যাংক থার্ড কারেন্সির মাধ্যমে ডলার কেনাবেচা করে। বুধবার আন্তঃব্যাংকগুলোর মধ্যে মোট লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৭০ লাখ মার্কিন ডলার।
আমদানি মূল্যের চাপ অক্টোবর থেকে বাড়তে থাকে বলে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাও জানিয়েছেন।
এদিকে, ১৪ দলের ডাকা দেশব্যাপী অবরোধ কর্মসূচির কারণে বৈদেশিক বাণিজ্য থেমে গেছে এবং বৈদেশিক আয় কমে এসেছে।
