২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলতি অর্থবছরের প্রথম ৩ মাসে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে রপ্তানি আয়

চলতি ২০০৬-০৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) রপ্তানী আয় পূর্বনির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2006, 08:08 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

এতে বলা হয়, এ সময় ৩১৯ কোটি ৩৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে প্রকৃত রপ্তানি আয় হয়েছে ৩২৫ কোটি ১৮ লাখ ৮০ হাজার ডলার।

এই পরিমাণ পূর্বনির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় এক দশমিক ৮২ শতাংশ এবং গত বছরের একই সময়ের তুলনায় ৩১ দশমিক ৪৯ শতাংশ বেশি।

গত বছরের একই সময়ের তুলনায় এই সময়ের মধ্যে ওভেন পোষাক, নিটওয়্যার, হিমায়িত খাদ্য, প্রকৌশল দ্রব্যাদি, হোম টেক্সটাইল, টেক্সটাইল ফেব্রিক্স, সিরামিক সামগ্রী, হস্তশিল্প, পাটজাত দ্রব্য, চামড়া, কাঁচা পাট, স্যান্ডেল, পেট্রোলিয়াম উপজাত, বাইসাইকেল এবং অন্যান্য প্রাথমিক ও শিল্পজাত পণ্য খাতের রপ্তানি আয় বৃদ্ধি পেয়েছে।

তবে রাসায়নিক দ্রব্যাদি, কৃষিজাত পণ্য, চা ও ইলেক্ট্রনিক্স পণ্যখাতের রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় কমেছে।

জুলাই-সেপ্টেম্বর মাসে মোট রপ্তানির ক্ষেত্রে গত বছরের একই সময়ের তুলনায় মূল্যসূচক বেড়েছে এক দশমিক ৮৮ শতাংশ এবং পরিমাণগত রপ্তানি বেড়েছে ২৯ দশমিক ৬১ শতাংশ।

প্রাথমিক পণ্য খাতে রপ্তানি মূল্যসূচক বেড়েছে পাঁচ দশমিক ৩৮ শতাংশ এবং পরিমাণগত রপ্তানি বেড়েছে ১৭ দশমিক ৯৪ শতাংশ।

শিল্পজাত পণ্যখাতে রপ্তানি মূল্যসূচক বেড়েছে এক দশমিক ৬২ শতাংশ এবং পরিমাণগত রপ্তানি বেড়েছে ৩০ দশমিক ৫২ শতাংশ।

ইপিবি আরও জানায়, বিশ্বায়ন মোকাবেলায় বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে রপ্তানি পণ্যে বহুমুখীকরণ ও রপ্তানি বাজার সম্প্রসারণের লক্ষ্যে ইতোমধ্যে সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করায় রপ্তানি আয় ক্রমেই বাড়ছে।

সরকারের গৃহীত পদক্ষেপগুলো হলো-বাস্তবমুখী ও সময়োপযোগী রপ্তানি নীতি, কয়েকটি পণ্য ও সেক্টরভিত্তিক কাউন্সিল গঠন, পণ্য বহুমুখীকরণে কারিগরি সহায়তা, হ্রাসকৃত হার সুদে ব্যাংক ঋণের সুবিধা, ডিউটি-ড্র-ব্যাক স্কিমের আওতায় শুল্ক প্রত্যার্পণের ব্যবস্থা গ্রহণ, নগদ আর্থিক সহায়তা ও অন্যান্য উৎসাহব্যঞ্জক সুবিধাদি প্রদান।