রূপালী ব্যাংক হস্তান্তর চুক্তি বুধবার
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের ৬৭ দশমিক ২৬ শতাংশ শেয়ার সৌদি যুবরাজ বন্দর বিন মোহাম্মদ বিন আব্দুল রহমান আল সৌদের কাছে বিক্রয় ও হস্তান্তর চুক্তি (এসপিএ) ১৫ নভেম্বর চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে।
সৌদি যুবরাজের পাঠানো প্রতিনিধিদের সাথে বৈঠকের পর বেসরকারিকরণ কমিশনের চেয়ারম্যান এনাম আহমেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “ব্যাংকটির হস্তান্তর সংক্রান্ত চূড়ান্ত এসপিএ চুক্তি ১৫ নভেম্বর স্বাক্ষরিত হবে বলে আমরা আশা করছি।”
যুবরাজ বন্দর আগস্টে রূপালী ব্যাংকের ৬৭ দশমিক ২৬ শতাংশ কেনার জন্য ৩৩ কোটি মার্কিন ডলারের একটি প্রস্তাব দেন। সরকার দর প্রস্তাব অনুমোদনের পর ২২ অক্টোবর একটি খসড়া চুক্তি স্বাক্ষর করেন।
চৌধুরী জানিয়েছেন, চুক্তি স্বাক্ষর করতে যুবরাজ নিজে আসবেন না। তার পক্ষের একজন প্রতিনিধি এ চুক্তি স্বাক্ষর করবেন।
মতপার্থক্যের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, অমীমাংসিত সব বিষয়েই আলোচনা হয়েছে।
যুবরাজ বন্দরের প্রতিনিধি দলের সাথে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তারা জানান, তারা অত্যন্ত আশাবাদী এবং এ সপ্তাহের শেষদিকে ইতিবাচক কিছু একটি দেখতে পাবেন বলে আশা করছেন।
এর আগে প্রতিনিধিরা খেলাপি ঋণের পরিমাণ এবং পুনঃতফসিলিকৃত ঋণ নিয়ে মুখোমুখি আলোচনায় বসেন।
কোনও নিশ্চয়তা ছাড়াই ব্যাংকটি সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে যেসব ঋণ দিয়েছে সেসবের দায়ভার কে নেবে তা নিয়েই মতপার্থক্য ছিল। এ ব্যাপারে ক্রেতারা রাজি ছিলেন না।
ব্যাংকের মোট ঋণের মধ্যে প্রায় ৫৩৫ কোটি টাকা সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে কোনও নিশ্চয়তা ছাড়াই দেওয়া হয়েছিল বলে সূত্র জানিয়েছে।
এছাড়া বেসরকারি খাতে কোনও সুদ ছাড়াই প্রায় ২০০ কোটি টাকা পুনঃতফসিলিকরণ করা হয়েছে বলেও সূত্র জানায়।
মতপার্থক্য নিরসনে আলোচনাকারীরা ৯০ দিন সময় পাবেন বলে উল্লেখ করে কমিশনের এক কর্মকর্তা জানান, কিছু মতপার্থক্য সত্ত্বেও আমরা চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করতে পারি।
এদিকে রূপালী ব্যাংকে সরকারের ২৬ শতাংশ শেয়ার ১৩ কোটি ৪০ লাখ ডলারে কিনে নিতে যুবরাজের পক্ষ থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছে কমিশন সোমবার সে ব্যাপারে সুপারিশ করেছে।
উল্লেখ্য, রূপালী ব্যাংকে সরকারের শেয়ারের পরিমাণ ৯৩ দশমিক ৩ শতাংশ।
