ডাব্লিওটিও আলোচনার জট ছাড়ানোর চেষ্টা হবে এপেক সম্মেলনে
চলতি সপ্তাহে ভিয়েতনামের হ্যানয়ে বসছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট এপেক’এর সম্মেলন।
বিশ্ববাণিজ্য সংস্থার আলোচনায় চলমান অচলাবস্থা নিরসনে উদ্যোগ নেয়ার বিষয়টি এই সম্মেলনে প্রাধান্য পাবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। পাশাপাশি নকল পণ্য প্রতিরোধের বিষয়টিও স্থান পাবে আলোচনায়।
কর্মকর্তারা জানান, ডাব্লিওটিও আলোচনা যে জায়গায় থমকে আছে তার জট ছাড়িয়ে আগামী দোহা রাউন্ড যেন সফল করা যায় তাই হবে মূল আলোচ্য।
ভিয়েতনামের সহকারী পররাষ্ট্রমন্ত্রী লি কং ফাং বলেন, এপেক সদস্য দেশগুলো যদি সঙ্কট নিরসনে একটি পথ চিহ্নিত করতে পারে তাহলে বিশ্ববাণিজ্য সংস্থার আগামী আলোচনায় জট ছাড়ানো সম্ভব হতে পারে।
এপেকের বিবৃতিতে বলা হয়েছে, ডাব্লিওটিও’র আলোচনা এগিয়ে নেয়া, বাণিজ্য সমঝোতা নিয়ে আলোচনা ইতোমধ্যে কর্মকর্তা পর্যায়ে হয়েছে। সোমবার তারা আবার আলোচনায় বসবেন।
এপেকের এ সম্মেলনটি হতে যাচ্ছে ভিয়েতনামে অনুষ্ঠিত এ পর্যন্ত সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন। ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এপেকের বর্তমান সদস্য রাষ্ট্র ২১টি। বিশ্বের জনগোষ্ঠির ৪০ শতাংশ এ দেশগুলোতে বাস করে।
