২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক সপ্তাহে প্রথমবারের মতো চাঙ্গা হলো ডিএসই

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) শেয়ারের মূল্য বাড়ার ফলে টানা ছয়দিন পর বৃহস্পতিবার ঢাকার শেয়ার বাজারে আবারও চাঙ্গাভাব দেখা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2006, 08:46 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

পিজিসিবির শেয়ারের মূল্য আগের দিনের তুলনায় শতকরা ১৫ দশমিক ৮৯ ভাগ বেড়ে ১৫১ টাকা থেকে ১৭৫ টাকায় দাঁড়ায়।

লেনদেনের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাধান্য বিস্তার করে বৃহস্পতিবার সংস্থাটি ৩৬ কোটি ৯৮ লাখ ২০ হাজার টাকা মূল্যের ২৪ লাখ ২৯ হাজার ৯০০ শেয়ার বিক্রি করে।

এ প্রসঙ্গে ঢাকা শেয়ার বাজারের (ডিএসই) প্রধান নির্বাহী সালাহউদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, পিজিসিবি বাজারকে আবারও চাঙ্গা করতে সাহায্য করেছে।

ডিএসইর বিধিমালা অনুযায়ী ৩০ কার্যদিবসে ৩৬ লাখ শেয়ার বিক্রির কথা থাকলেও সংস্থাটি সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। সংস্থাটির মোট ৩৮ লাখ ৮১ হাজার ৫০টি শেয়ার বাজারে ছাড়া হয়। এক মাস আগে একইসাথে ঢাকা ও চট্টগ্রাম শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়া সংস্থাটিকে অন্তত ১০ শতাংশ শেয়ার বাজারে ছাড়ার নির্দেশ দিয়েছিল ডিএসই।

বৃহস্পতিবার ডিএসইর সার্বিক শেয়ার সূচক ছিল ১২৩৪ দশমিক ২৫ যা আগের দিনের তুলনায় ৩০ দশমিক ১১ পয়েন্ট বা আড়াই শতাংশ বাড়ে।

সাধারণ শেয়ার সূচক ছিল ১৪৭৫ দশমিক ৫৪ যা ছিল আগের দিনের তুলনায় ৩৭ দশমিক ৮২ পয়েন্ট বা দুই দশমিক ৬৩ শতাংশ বেশি।

ডিএসই-২০ এর সূচক ২০ দশমিক শূন্য তিন পয়েন্ট বা এক দশমিক ৫৭ শতাংশ বেড়ে দাঁড়ায় ১২৮৮ দশমিক ৩৩ এ।

বুধবার লেনদেনের পরিমাণ ৪২ কোটি ৮৭ লাখ ১০ হাজার হলেও বৃহস্পতিবার তা বেড়ে দাঁড়ায় ৫৯ কোটি ১২ লাখ টাকায়।

বাজার বিশ্লেষক মঈন আল কাসেম বলেন, শেয়ার কেনার ক্ষেত্রে এখন সুসময় যাচ্ছে। এর কারণ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও ডিএসইর শেয়ার বাজার চাঙ্গা করতে অবদান রেখেছেন। বিনিয়োগ করার আগে তারা লক্ষ্য রাখছিলেন কখন বাজারে শেয়ারের দর পড়ে যায়। সুযোগ বুঝে তারা শেয়ার কেনার দিকে মনোযোগ দেওয়ায় ডিএসইর শেয়ার সূচক বেড়েছে।

১২ নভেম্বর থেকে ১৪ দলীয় জোটের আবারও অবরোধ ডাকার হুমকির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, শেয়ার বাজার আজ চাঙ্গা না হলে এর নিুমুখী প্রবণতা ঠেকানো কষ্টকর হতো।

এছাড়া কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ার কেনার ক্ষেত্রে বিনিয়োগকারীদের মধ্যে আগ্রহ লক্ষ্য করা গেছে বলে তিনি জানান।

বৃহস্পতিবার ডিএসইভুক্ত মোট ১৯১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ১৫৭টি ছিল ঊর্ধ্বমুখী, ২৩টি নিুমুখী এবং ১১টির দামের ক্ষেত্রে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি।

শেয়ার লেনদেনের ক্ষেত্রে পিজিসিবির পরেই ছিল বেক্সটেক্স, সামিট পাওয়ার, পূবালী ব্যাংক ও ডেসকোর অবস্থান। এদের প্রত্যেকটির শেয়ারের দাম বাড়ে।

এছাড়া লেনদেনের ক্ষেত্রে এগিয়ে ছিল সিটি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট ও ইউসিবিএল।

তবে যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম সবচেয়ে বেশি বাড়ে তার মধ্যে শীর্ষ অবস্থানে ছিল পিজিসিবি, বাংলাদেশ অটো কারস ও ইন টেক অনলাইন লিমিটেড। সবচেয়ে বেশি লোকসান দেয় ওয়ান্ডার টয়স, আলামিন সিমেন্ট ও ফার্মা এইডস।