রাজস্ব আদায় পরিস্থিতিতে অর্থ উপদেষ্টা উদ্বিগ্ন
অর্থ উপদেষ্টা আকবর আলী খান বুধবার রাজস্ব আদায়ের স্বল্পতার পাশাপাশি বাড়তে থাকা রাজনৈতিক অস্থিতিশীলতায় উদ্বেগ জানিয়ে বলেছেন, এতে করে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য এবং সরকারের ব্যয় বাড়তে পারে।
শুল্ক বাকি না রাখার জন্য আকবর আলী খান জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতি নির্দেশ দিয়েছেন। সরকারের বিভিন্ন খাতের কর্তনকৃত কর আদায়ে বিলম্ব হওয়া এবং রাজস্ব আদায় পদ্ধতির আধুনিকায়নের ওপর তিনি জোর দেন।
জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে প্রথমবারের মতো বৈঠকের পর অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, “চলতি অর্থবছরটি নির্বাচন ও রাজনৈতিক অস্থিরতাসহ নানা ঘটনায় পূর্ণ। এসব নিশ্চিতভাবেই সরকারের ব্যয় বাড়িয়ে দেবে।”
রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে আরও বেশি ব্যয় করতে হবে বলেও তিনি জানান।
বাণিজ্য, পরিকল্পনা এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত অর্থ উপদেষ্টা বলেন, “চলতি বছরের এ পর্যন্ত রাজস্ব আয় লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১২ শতাংশ কম রয়েছে।”
তিনি বলেন, “বিদেশি সহায়তা উল্লেখযোগ্য হারে কমে আসার কারণে রাজস্ব আদায় বাড়ানো ছাড়া আর কোনও বিকল্প নেই।”
সরকার চলতি বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৪১ হাজার ৫৫ কোটি টাকা নির্ধারণ করে। এ লক্ষ্যমাত্রা আগের বছরের তুলনায় ২১ শতাংশ বেশি।
অর্থ উপদেষ্টা নিজেও এনবিআরের একজন সাবেক চেয়ারম্যান। তিনি আয়কর খাত থেকে আদায় আশানুরূপ না বাড়ায় বোর্ডের সমালোচনা করেন।
২১ লাখ টিআইএন (ট্যাক্স আইডেনটিফিকেশন নাম্বার)হোল্ডারের মধ্যে মাত্র ৯ লাখ টিআইএন হোল্ডার তাদের আয়কর রিটার্ন দাখিল করেছে বলে তিনি জানান।
আকবর আলী খান বলেন, “আয়কর বিভাগ খুব ভালো অবস্থায় নেই। সেখানে পর্যাপ্ত পরিমাণে কম্পিউটার দেওয়ার জন্য আমি অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছি।”
খান বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে এনবিআর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডসহ রাষ্ট্রায়ত্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে শুল্কবাবদ ৩০০ কোটি টাকা পাবে।
অর্থ উপদেষ্টা আরও জানান, মোবাইল ফোনের সিমের ওপর থেকে কর উঠিয়ে নেওয়া এবং চিনি আমদানির ওপর থেকে শুল্ক কমিয়ে দেওয়ার কারণে এ বছর রাজস্ব আয় কমবে ৮০০ কোটি টাকা।
সরকারের ব্যয় কমিয়ে আনতে শতভাগ স্থানীয় অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলোতে অর্থ ছাড়ের ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়কে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা ও যাচাই বাছাইয়ের জন্য একটি পরিপত্র জারি করা হয়েছে বলে তিনি জানান।
