সেপ্টেম্বরে মুদ্রাস্ফীতি বেড়েছে
খাদ্যদ্রব্যের দাম বাড়ার কারণে আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বর মাসে মুদ্রাস্ফীতি শতকরা হারে দশমিক ২২ পয়েন্ট বেড়ে ছয় দশমিক ৮৯ শতাংশে দাঁড়ায়।
অবশ্য জুন মাসে গড় মুদ্রাস্ফীতি সাত দশমিক ১৭ শতাংশ থাকলেও সেপ্টেম্বর মাসে তা ছয় দশমিক ৯৭ শতাংশে নেমে আসে।
এর কারণ হিসেবে নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের অর্থ সম্পর্কিত এক ঊর্ধ্বতন নীতি বিশ্লেষক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বুধবার বলেন, রমজানের আগে চাহিদা অনেক বেশি থাকায় খাদ্যদ্রব্যের দাম বেড়ে যায়।
সরকারি নথিপত্র অনুযায়ী সেপ্টেম্বর মাসে খাদ্যদ্রব্যের দামের ক্ষেত্রে মুদ্রাস্ফীতি পয়েন্ট-টু-পয়েন্ট হিসেবে আট দশমিক ২৫ শতাংশে দাঁড়ায়। আগের মাসে এই হার ছিল সাত দশমিক ৪২ শতাংশ।
কিন্তু খাদ্যদ্রব্য ছাড়া অন্যান্য পণ্যের দামের ক্ষেত্রে মুদ্রাস্ফীতি কমে চার দশমিক ৮৬ শতাংশে দাঁড়ায়। আগের মাসে এই হার ছিল পাঁচ দশমিক ৬৪ শতাংশ।
সেপ্টেম্বর মাসে খাদ্যদ্রব্যের দামের ক্ষেত্রে গড় মুদ্রাস্ফীতি জুন মাসের তুলনায় কমে গেলেও আগস্ট মাসের তুলনায় বেশি ছিল। আগস্টে এই হার সাত দশমিক ৪৫ শতাংশ হলেও সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়ায় সাত দশমিক ৫৫ শতাংশে।
জুন পর্যন্ত খাদ্যদ্রব্যের দামের ক্ষেত্রে গড় মুদ্রাস্ফীতি ছিল সাত দশমিক ৭৬ শতাংশ।
আর অন্যান্য পণ্যের দামের ক্ষেত্রে গড় মুদ্রাস্ফীতি জুন মাসে ছয় দশমিক ৪০ শতাংশ হলেও সেপ্টেম্বর মাসে তা কমে ছয় দশমিক ২৬ শতাংশে দাঁড়ায়।
