২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপালী ব্যাংক হস্তান্তর আলোচনা ১২ নভেম্বর

রূপালী ব্যাংক হস্তান্তর প্রক্রিয়ার অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তির জন্য বাংলাদেশ ও সৌদি আলোচকরা ১২ নভেম্বর বৈঠকে বসবেন। এতে সৌদি ক্রেতাদের কাছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক হস্তান্তরের তারিখ নির্ধারিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2006, 11:14 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

ঢাকায় সোমবার সরকারি প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে সৌদী প্রতিনিধি দলের নেতা স্যার ফ্রাঙ্ক পিটার্স বলেন, “এরই মধ্যে প্রায় ৯৮ শতাংশ বিষয় চূড়ান্ত হয়েছে। আগামী রোববারের মধ্যে সবকিছু চূড়ান্ত হবে বলে আশা করছি।”

বৈঠকে সভাপতিত্ব করেন বেসরকারীকরণ কমিশনের চেয়ারম্যান এনাম আহমেদ চৌধুরী।

এর আগে সরকার রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের ৬৭ দশমিক ২৬ শতাংশ শেয়ার সৌদী প্রিন্স বান্দার বিন মোহাম্মদ বিন আব্দুল রহমান আল সাউদের কাছে বিক্রি করার বিষয়টি অনুমোদন করে।

রূপালী ব্যাংক হস্তান্তরের ঘটনাকে “বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসের সুবর্ণ মাইলফলক” হিসেবে উল্লেখ করে পিটার্স বলেন, চুক্তি চূড়ান্ত হওয়ার বিষয়টি তিনি রোববারের পর প্রিন্স বান্দারকে জানাবেন।

কমিশনের চেয়ারম্যান বলেন, খেলাপি ও সাধারণ কিছু ঋণ রাষ্ট্রায়ত্ত কিছু প্রতিষ্ঠান এবং বেসকরারি খাতের মধ্যে বিতরণ করা হয়েছে। কোনও নিশ্চয়তা ছাড়াই বন্টন করে দেওয়া হয়েছে। এসব ঋণের মতো কিছু বিষয় এখনও অমীমাংসিত রয়ে গেছে।

তিনি বলেন, পুনঃ তফসিলকৃত বা প্রদেয় ঋণ তিন শতাংশ বা তার কম হলে সেটির দায় কে নেবে তা এখনও নির্ধারণ হয়নি।

চৌধুরী বলেন, “পেনশন স্কিমের নীতির ব্যাপারে আমরা একমত হয়েছি।”

রূপালী ব্যাংকের সব কর্মকর্তাকে সরকার অবসরভোগী হিসেবে নেবে এবং সরকার প্রত্যেককে চাকুরির সময় অনুযায়ী যথাযথ অবসর ভাতা প্রদান করবে বলে তিনি জানান।

“আমরা কর্মচারীদের সুখী দেখতে চাই।” পেনশন স্কিম সম্পর্কে পিটার্স এ কথা বললেও খারাপ ঋণের অনুপাত এবং ব্যাংকে নতুন করে অর্থায়নের পরিমাণ সম্পর্কে তিনি কোন কিছু বলতে অস্বীকার করেন।

খারাপ ঋণের দায় সরকার নেবে। সরকার ও ক্রেতা যৌথভাবে ব্যাংকের মূলধন পুনর্গঠনে প্রয়োজনীয় অর্থ দেবে।

ব্যাংকে থাকা সরকারের অবশিষ্ট শেয়ার কেনার ব্যাপারে সৌদি প্রিন্সের প্রস্তাব আলোচনাধীন আছে বলে তিনি জানান।

বৈঠকে সরকার পক্ষের প্রতিনিধি দলে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।