রাজনৈতিক অনিশ্চিয়তা, ডিএসইতে দরপতন অব্যাহত
রাজনৈতিক অনিশ্চিয়তার কারণে আতঙ্কিত ক্ষুদ্র বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপে সোমবার পঞ্চমদিনেও ঢাকা শেয়ার বাজারে (ডিএসই) দরপতন অব্যাহত ছিল।
ডিএসইর সব শেয়ারের মূল্যসূচক সোমবার দিনের শুরুতে আগের দিনের তুলনায় কিছুটা লোকসান পুষিয়ে নেওয়া মতো অবস্থায় উন্নীত হলেও দিনের শেষে মূল্যসূচক ১৭ দশমিক ০৮ পয়েন্ট বা ১ দশমিক ৩৭ শতাংশ হ্রাস পেয়ে ১ হাজার ২২৯ দশমিক ৩৪ এ দাঁড়ায়।
রোববার মূল্যসূচকের পতন ছিল ৩৩ দশমিক ৯৫ পয়েন্ট বা ২ দশমিক ৬৫ শতাংশ। সাধারণ সূচকের পতন রোববার ২ দশমিক ৬০ শতাংশ বা ৩৯ দশমিক ৯৪ শতাংশ হলেও সোমবারে ২১ দশমিক ৫৯ পয়েন্ট বা ১ দশমিক ৪৪ শতাংশ নেমে গিয়ে ১ হাজার ৪৭০ দশমিক ১৫ এ দাঁড়ায়।
সোমবারের ভালো মানের ২০ শেয়ারের সূচক ১৫ দশমিক ৯২ পয়েন্ট বা ১ দশমিক ২২ শতাংশ হ্রাস পেয়ে ১ হাজার ২৮১ দশমিক ৪০ এ দাঁড়ায়।
ডিএসইর সোমবারের লেনদেনের মোট পরিমাণ ছিল ২৪ কোটি ৫১ লাখ ৯০ হাজার কোটি টাকা। রোববারের লেনদেন ছিল ২৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার টাকা।
ডিএসইতে সোমবার বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ২১ টির দাম বাড়ে এবং ২৬ টির দাম স্থিতিশীল থাকে। তবে ১৪৫ টি শেয়ারেরর দাম কমে যায়।
সার সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান শরিফ আতাউর রহমান বলেন, “ক্ষুদ্র বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক থাকায় বাজারে মন্দাভাব বিরাজ করছে। রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলেই বাজার আবার চাঙ্গা হয়ে উঠবে।”
শেয়ার বাজারে অংশ নেওয়ার ব্যাপারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সিদ্ধান্তহীনতাও বাজার পতনের কারণ।
শেয়ার বাজারে গত দুই দিন ধরে ইউসিবিএল লেনদেনের দিক থেকে শীর্ষস্থানে থাকলেও সোমবার তারা পঞ্চম স্থানে নেমে আসে। ডেসকো উঠে যায় লেনদেনের শীর্ষে এবং ডেসকোর পরেই ছিল বেক্সটক্স। সামিট পাওয়ার এবং রূপালী ব্যাংক ছিল যথাক্রমে তৃতীয় ও চতুর্থ অবস্থানে।
সোমবার লেনদেনের শীর্ষে থাকা ডেসকোর ৪৪ হাজার ২০০ টি শেয়ারের বিপরীতে মোট লেনদেনের পরিমাণ ছিল ১ কোটি ৫৯ লাখ ২০ হাজার টাকা।
আগের দিনের তুলনায় ডেসকো, বেক্সটেক্স এবং সামিটের শেয়ারের মূল্য যথাক্রমে দশমিক ৩৪ শতাংশ, দশমিক ২৩ শতাংশ এবং ২ দশমিক ১৮ শতাংশ কমে যায়।
সৌদি প্রিন্সের কাছে হস্তান্তরের অগ্রগতি সংক্রান্ত সংবাদ প্রকাশের ফলে রূপালী ব্যাংকের শেয়ারের মূল্য দশমিক ৬৮ শতাংশ উন্নীত হয়ে ১ হাজার ৭৭৮ টাকায় দাঁড়ায়। ব্যাংকটির বর্তমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ২০০৫ সালের জন্য কোন লভ্যাংশ ঘোষণা করেনি।
রূপালী ব্যাংক ছাড়াও সোমবার দাম বেড়েছে প্রগতি ইন্স্যুরেন্স, বাংলাদেশ জিপার এবং ইএল ক্যামেলিয়ার শেয়ারের।
স্ট্যান্ডার্ড সিরামিকস ৯২ লাখ ৯০ হাজার টাকা লাভ এবং ১০ শতাংশ নগদ লভ্যাংশের ঘোষণা দেওয়ায় তাদের শেয়ারের দাম ৫ দশমিক ৬৮ শতাংশ বেড়ে যায়।
শেয়ার বাজারে সোমবার সব চেয়ে লোকসানি প্রতিষ্ঠান ছিল কাসেম ড্রাইসেল। এছাড়া লোকসানের দিক থেকে অন্যতম ছিল আইএফআইসি এবং নিলয় সিমেন্ট।
অ্যাপেক্স স্পিনিংয়ের অর্ধবার্ষিক প্রতিবেদনে লাভের পরিমাণ আগের বছরের তুলনায় কমে যাওয়ায় সোমবার তাদের শেয়ারের মূল্য ১ দশমিক ৬৩ শতাংশ কমেছে। অ্যাপেক্স স্পিনিংয়ের আগের বছরে নিট লাভ ছিল ২ কোটি ২৮ লাখ ৫০ হাজার টাকা। অর্ধবার্ষিক প্রতিবেদনে নিট লাভের পরিমাণ ছিল ১ কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকা।
অর্ধবার্ষিক হিসেবে লোকসান দেওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে দুলা মিয়া কটন, অ্যানলিমা ইয়ার্ন এবং চিটাগং ভেজিটেবলস।
