এডিবির ৪৫০ মিলিয়ন ডলারের ছাড় নির্বাচিত সরকারের দায়িত্ব নেয়ার পর
বিদ্যুত প্লান্ট স্থাপনের জন্য প্রতিশ্রুত ৪৫০ মিলিয়ন ডলারের আর্থিক সাহায্যের ছাড় এখুনি নয়, নতুন নির্বাচিত সরকারের দায়িত্ব নেয়ার পর দিতে চায় এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
এডিবির বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হুয়া দু সোমবার অর্থ ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা আকবর আলি খানের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাত করে এ কথা বলেন।
তবে অর্থ উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকারের আমলেই ওই অর্থ ছাড় করার জন্য এডিবির প্রতি আহ্বান জানিয়েছেন। এজন্য দু’একদিনের মধ্যেই এডিবিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেয়া হতে পারে।
প্রায় ঘন্টাব্যাপী বৈঠককালে তাঁরা নির্বাচনের প্রস্তুতি ও রাজনৈতিক দলগুলোর বিভিন্ন দাবি-দাওয়া নিয়েও আলোচনা করেন।
বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, বিদ্যুত সংকট নিরসনে নতুন বিদ্যুত প্ল্যান্ট স্থাপনের জন্য এডিবি গত সরকারের আমলে প্রায় ৪৫০ মিলিয়ন মার্কিন ডলার সাহায্য দেয়ার আগ্রহ প্রকাশ করে। কিন্তু বিভিন্ন কারণে ওই সময় প্রতিশ্রুত অর্থ ছাড় করা সম্ভব হয়নি।
তিনি জানান, হুয়া দু নতুন সরকারের মেয়াদকালের প্রথম দিকেই ওই অর্থ ছাড় করার আগ্রহ ব্যক্ত করেন। তবে তাঁকে জানানো হয়েছে, দেশে বিদ্যুতের সংকট বর্তমানে প্রকট। আর এ সংকট নিরসনে বিদ্যুত প্ল্যান্ট স্থাপন একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। তাই এখনই ওই অর্থের ছাড় পাওয়া গেলে তত্ত্বাবধায়ক সরকার আমলেই প্ল্যান্ট স্থাপনের প্রক্রিয়া শুরু করা যেতো এবং পরবর্তী সরকার দায়িত্ব নিয়েই মূল কাজে হাত দিতে পারতো।
গত সরকারের আমলে বিদ্যুত খাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এডিবি ওই অর্থ ছাড় করেনি। ওই সময় এডিবির পক্ষ থেকে অনিয়ম বা দুর্নীতি করা হবে না বলে নিশ্চয়তা চাওয়া হয়েছিল।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আকবর আলি বলেন, দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য, বিশেষ করে শীতকালীন পণ্য বাজারে ওঠায় তরি-তরকারির দাম কিছুটা কমেছে। তবে এটা শুধু ঢাকার চিত্র। কারণ বাণিজ্য মন্ত্রণালয়ে শুধু ঢাকার তথ্যই রয়েছে। ঢাকার বাইরের বিভাগ ও শহরগুলোর তথ্য এখানে নেই।
গত জোট সরকারের প্রভাবমুক্ত করতে প্রশাসনে ব্যাপক রদবদল করা হবে কিনা-এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সব প্রশাসনিক পদ নির্বাচনের সাথে সংশ্লিষ্ট নয়। যেখানে প্রয়োজন, সেখানে নিরপেক্ষ লোকদের নিয়োগ করা হবে। রদবদল করা হবে প্রয়োজনীয় ও স্পর্শকাতর পদগুলোতে । তবে এক্ষেত্রে ন্যায়বিচার ও প্রশাসনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার বিষয়টিও দেখা হবে।
পরে অর্থ উপদেষ্টা কর আদায় পরিস্থিতি পর্যালোচনা করার জন্য কর ন্যায়পাল খায়রুজ্জামান চৌধুরীর সাথেও বৈঠক করেন।
