২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক

নির্বাচন কমিশন ও ভোটার তালিকাসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ইউরোপীয় কমিশন প্রতিনিধি দল রোববার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2006, 09:35 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

জার্মান রাষ্ট্রদূত ফ্রাঙ্ক মেইকের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল হাসিনার বাসভবন সুধাসদনে রোববার বিকেলে তাঁর সঙ্গে বৈঠক করেন। প্রতিনিধি দলের অপর দুই সদস্য ডেলিগেশন অব দ্য কমিশন অব ইউরোপীয়ান কমিউনিটিজ প্রধান স্টিফেন ফ্রইউন ও নেদারল্যান্ডসের রাস্ট্রদূত বিমস্টার বোয়ার সে সময় উপস্থিত ছিলেন ।

বৈঠক শেষে ফ্রাঙ্ক মেইকে বলেন, “ নির্বাচন পর্যবেক্ষনের জন্য আমরা কিছু পদ্ধতি নিয়ে আলোচনা করেছি।”

নির্বাচন কমিশন ও ভোটার তালিকাসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে অলোচনা প্রসঙ্গে তিনি বলেন, এ সব ব্যাপারে বাস্তবভিত্তিক ও কার্যকর ব্যবস্থা নেয়া উচিত, যাতে নির্বাচন সবার কাছে গ্রহনযোগ্য হয়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফলাফল ভিত্তিক কার্যক্রম গ্রহন করা অত্যন্ত জরুরী ।

হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেন, গ্রহনযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ও ভোটার তালিকা সংস্কার নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, হাসিনা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য গ্রহনযোগ্য সমাধানের উপর গুরুত্ব দিয়েছেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রপতি এখন পর্যন্ত এমন কোন উদ্যোগ নিতে পারেননি যাতে তত্ত্বাবধায়ক সরকারের নিরপেক্ষতা প্রমান হয়।

তিনি আরো বলেন, বিএনপিঘেষা উপজেলা নির্বাচনী কর্মকর্তাদের সম্পর্কে হাসিনা তাদের সামনে বাস্তব অবস্থা তুলে ধরেন।

জার্মান রাষ্ট্রদূত অবরোধের সময় সহিংস ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, এসব ঘটনা দু:খজনক।

তবে রাষ্ট্রপতিকে প্রধান উপদেষ্টা করা নিয়ে হাসিনার ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, “আমরা বলতে পারি হাসিনা রাষ্ট্রনায়ক সুলভ আচরণ করেছেন। আগামীতে তার কাছ থেকে আমরা এ ধরনের আচরণই আশা করছি।”

ইইউ প্রতিনিধি দলের সদস্যরা জানান, তারা এর আগে জামায়াতে ইসলামী ও এলডিপির সঙ্গে এবং সোমবার বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে আলোচনা করবেন।

দেশের সার্বিক রাজনৈতিক অবস্থা বিশ্লেষনের ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, এ ধরনের বিশ্লেষন সব পক্ষের বিশ্বাস বৃদ্ধিতে ভুমিকা রাখবে।

তিনি বলেন, “আমরা দুই দলের মধ্যে দূরত্ব কমানোর কোন চেষ্টা করেনি। তবে সাংবিধানিক উপায়ে রাজনৈতিক দলগুলো নিজেরা যাতে কাছাকাছি আসতে পারে তার ওপর গুরুত্ব দিয়েছি।”