খাতভিত্তিক সূচক চালু করতে যাচ্ছে ডিএসই
ঢাকা শেয়ার বাজার (ডিএসই) আগামী বছর নাগাদ খাতভিত্তিক সূচক চালু করার উদ্যোগ নিয়েছে। বাজারে প্রতিটি খাতের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করাই হবে এই সূচকের কাজ।
এ প্রসঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নির্বাহী সালাহউদ্দিন আহমেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, ‘প্রতিটি খাতের জন্য আমরা সূচক উন্নয়ন করছি। আগামী বছরের শুরুতে এ সূচক চালু করা যাবে বলে আমরা আশা করছি।’
তালিকাভুক্ত ১৬টি খাতের কার্যক্রম পর্যবেক্ষণে ডিএসই বর্তমানে তিনটি সূচক ব্যবহার করছে।
ডিএসইর গবেষণা, উন্নয়ন ও তথ্য বিভাগের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক সাইদ আল আমিন রাহমান জানান, ১৬টি খাতের প্রত্যেকটির জন্য আলাদা সূচকের উন্নয়ন করা হবে।
তিনি বলেন, ‘বেঞ্চমার্ক হিসেবে ৮১৭ দশমিক ৬৩ পয়েন্ট নিয়ে আমরা সূচক গণনা করবো। এক্ষেত্রে ২০০০ সালকে বুনিয়াদি বছর (বেস ইয়ার) ধরা হবে।’
উল্লেখ্য, ডিএসইর সাধারণ সূচকের ক্ষেত্রে বেঞ্চমার্ক সূচক হচ্ছে ৮১৭ দশমিক ৬৩ পয়েন্ট।
আলাদা আলাদা সূচকের খাতগুলো হলো-ব্যাংক, সিমেন্ট, সিরামিক, প্রকৌশল, ভোজ্য পণ্য, বীমা, বিনিয়োগ, তথ্য প্রযুক্তি, পাট, কাগজ ও মুদ্রণ, ওষুধ, সেবা ও রিয়েল এস্টেট, চামড়া, বস্ত্র ও অন্যান্য পণ্য খাত।
