জার্মানীতে বাংলাদেশের একক নিটওয়্যার প্রদর্শনী শুরু
ইউরোপে রপ্তানি বাজার সম্প্রসারণের লক্ষ্যে জার্মানীর ডুসেলডর্ফের হোটেল রেডিসনে ২ নভেম্বর থেকে শুরু হয়েছে একক বাংলাদেশী নিটওয়্যার প্রদর্শনী।
জার্মানীতে বাংলাদেশের রাষ্ট্রদূত এবি মঞ্জুর রহিম প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন। সে সময় বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি ফজলুল হক, জিটিজেডের প্রকল্প ব্যাবস্থাপক ডেভিড অ্যমবাডার এবং বিকেএমইএ-এর সহ-সভাপতি ও পরিচালকবৃন্দসহ মেলায় অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
জার্মান সরকারের অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়ন সংস্থা জিটিজেড প্রগ্রেসের আর্থিক ও কৌশলগত সহায়তায় বিকেএমইএ দু’দিনের জন্য এই মেলার আয়োজন করে। ৪৮টি বাংলাদেশী নিটওয়্যার প্রতিষ্ঠান এবং একশরও বেশি প্রতিনিধি এই মেলায় অংশ নিচ্ছেন।
এছাড়া মিউনিখের ফ্যাশন ও টেক্সটাইল সেন্টারে ৬ ও ৭ নভেম্বর একই রকম আরেকটি প্রদর্শনীর আয়োজন করা হবে।
বিকেএমইএ সভাপতি ফজলুল হক মেলায় ৮৯ সদস্যের একটি নিটওয়্যার ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
এরই মধ্যে প্রদর্শনী ঘুরেফিরে দেখা শুরু করেছেন জার্মানী ও ইউরোপের বিপুল সংখ্যক বায়ার। তারা বিপুল অংকের বিভিন্ন নীটপণ্যের সরবরাহের ওর্ডার দেবেন বলে আয়োজকরা আশা করছেন। এই প্রথমবারের মতো বাংলাদেশ জার্মানীতে একক দেশ হিসেবে এই প্রদর্শনীর আয়োজন করেছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০০৫-২০০৬ অর্থবছরে জার্মানীতে বাংলাদেশী নিটওয়্যারের রপ্তানি ৪৮ শতাংশ বেড়ে ৯৯৩ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ এককভাবে জার্মানীতে সবচেয়ে বেশি নিটওয়্যার রপ্তানি করে থাকে।
